যুক্তরাজ্যের টেনিস তারকা কেটি বোল্টার নিশ্চিত করেছেন যে, বিয়ের আংটি হারানোর ঝুঁকি এড়াতে তিনি সহকর্মী এন্ডি মারের মতো ভুল করবেন না। জুলাই মাসে অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় অ্যালেক্স ডি মিনাউরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর বোল্টার এই সতর্কবার্তা দেন।
২০১৫ সালে বিয়ে করা এন্ডি মারে ২০২১ সালে ক্যালিফোর্নিয়ায় অনুশীলনের সময় তার বিয়ের আংটিটি হারিয়ে ফেলেছিলেন। মারে সে সময় তার আংটিটি জুতার ফিতার সঙ্গে বেঁধে রেখেছিলেন। পরে অবশ্য অনেক চেষ্টার পর তিনি আংটিটি উদ্ধার করতে সক্ষম হন। মারের সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে ৩০ বছর বয়সী বোল্টার বলেন, আমি অ্যান্ডির কাছ থেকে শিখেছি। আমি এমনটা করব না। আমি ম্যাচ চলাকালীন কখনোই আংটি পরি না।
বোল্টার এবং ডি মিনাউর এ বছর গ্রীষ্মে ইংল্যান্ডে একটি ঘরোয়া অনুষ্ঠানের পর ইতালির টাস্কানিতে বিয়ের বড় আয়োজন করেছিলেন। তাদের বিয়ের স্মৃতিচারণ করে বোল্টার জানান, ইতালির অনুষ্ঠানটি অনেক আনন্দদায়ক ছিল। তবে বিয়ের অনুষ্ঠানে ডি মিনাউরের দেওয়া বক্তব্য নিয়ে তিনি কিছুটা চিন্তিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার স্বামীর বক্তব্য শুনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
বিবাহ পরবর্তী বিরতি কাটিয়ে বোল্টার এখন আসন্ন ইউএস ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানিয়েছেন, প্রস্তুতি নেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তিনি যুক্তরাষ্ট্রের ক্যারল ইয়াং সু লি-র মুখোমুখি হবেন।
ইউএস ওপেনের মূল পর্বে ব্রিটিশ খেলোয়াড়দের অংশগ্রহণ এবার বেশ উল্লেখযোগ্য। ফ্রান জোনস, হ্যারিয়েট ডার্ট, হ্যারি ওয়েন্ডেলকেন এবং টোবি স্যামুয়েল বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছেন। ১৯৮৮ সালের পর এই প্রথম চারজন ব্রিটিশ খেলোয়াড় বিদেশি কোনো গ্র্যান্ড স্লামের মূল পর্বে জায়গা করে নিলেন। এছাড়া লাকি লুজার হিসেবে জ্যাকব ফিয়ারনলিও মূল পর্বে খেলার সুযোগ পেয়েছেন।