যুক্তরাষ্ট্রের ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বিষয়টির সাথে সংশ্লিষ্ট চারটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের নেতাদের সাথে সাম্প্রতিক বৈঠকে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পেশমার্গা বাহিনীর সাথে থাকা বর্তমান নিরাপত্তা সহায়তা চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না।
কুর্দিস্তানের নিরাপত্তা বাহিনী পেশমার্গা আইএস দমনে মার্কিন বাহিনীর দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র হিসেবে কাজ করেছে। তবে বর্তমান প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে অঞ্চলটিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হতে পারে এবং ইরান আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কুর্দি কর্মকর্তারা। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে দেশটির শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে ইরাকি কুর্দিস্তান।
বিশ্লেষকদের মতে, পেশমার্গা বাহিনীর সহায়তা বন্ধ করা হলে তা দীর্ঘদিনের মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে। আমেরিকান ইউনিভার্সিটির গ্লোবাল কুর্দিশ ইনিশিয়েটিভ ফর পিসের পরিচালক ইয়েরেভান সাঈদ বলেন, আইএস দমনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে, তাদের ফেলে আসাটা ইরান, চীন ও রাশিয়ার জন্য একটি বড় বিজয় হিসেবে গণ্য হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কুর্দি আঞ্চলিক সরকারের মধ্যকার এই সমঝোতা স্মারকের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। একই দিনে ইরাক থেকে মার্কিন সেনাদের চূড়ান্ত পর্যায়ের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। গত অর্থবছরে পেশমার্গা বাহিনী অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও ভাত বাবদ ৬ কোটি ১০ লাখ ডলার সহায়তা পেয়েছিল।
পেন্টাগনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, আইএস পরাজিত হওয়ায় এই অর্থ এখন অন্য খাতে পুনর্নির্ধারণ করা প্রয়োজন। তবে এই সিদ্ধান্তের ফলে কুর্দিস্তানের নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ইরান ও তাদের সমর্থিত মিলিশিয়াদের লাগাতার হামলার মুখে পেশমার্গা বাহিনীকে একা ফেলে দেওয়া আত্মঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন অনেকে।
হোয়াইট হাউজ এবং পেন্টাগন এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএস দমনে সফল হওয়ার পর এখন ইরাকি নিরাপত্তা বাহিনী ও পেশমার্গা নিজেরাই সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেবে। তবে এ সিদ্ধান্তের চূড়ান্ত রূপরেখা এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।