যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হলো ডানপন্থী ভাষ্যকার মাইলো ইয়ানোপোলোসকে

August 30, 2026

যুক্তরাষ্ট্রের লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার মাইলো ইয়ানোপোলোসকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট (আইসিই) বিভাগের হাতে আটকের পর শুক্রবার তাকে নিজ দেশে পাঠানো হয় বলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে। ডিএইচএসের মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাজ্যের নাগরিক ৪১ বছর বয়সী ইয়ানোপোলোস আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময় অবস্থান করছিলেন।

ইয়ানোপোলোসের বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিনি ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় দেশটিতে অবস্থান করছিলেন। তিনি নিজেই অতীতে যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন আইন এবং আইসিই অভিযানের জোরালো সমর্থক ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লাখ লাখ মানুষকে দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।

কেন্ট শহরে বেড়ে ওঠা এই ভাষ্যকার এর আগে ব্রেইটবার্ট নিউজের সম্পাদক এবং র‍্যাপার কানিয়ে ওয়েস্টের রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সমর্থক থাকলেও পরবর্তীতে তিনি ট্রাম্পের সমালোচনায় সরব হন। তবে এখনো ট্রাম্পের বিভিন্ন রাজনৈতিক এজেন্ডার প্রতি তার সমর্থন অব্যাহত রয়েছে।

তার ক্যারিয়ারে নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ট্রান্সজেন্ডার, মুসলিম, ব্ল্যাক লাইভস ম্যাটার এবং নারীবাদীদের নিয়ে তার মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এছাড়া ২০১৭ সালে পেডোফিলিয়াকে সমর্থন করার অভিযোগে তিনি কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) থেকে বাদ পড়েন এবং ব্রেইটবার্ট নিউজ থেকে পদত্যাগ করেন। যদিও তিনি সেসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লরা লুমার দাবি করেছেন, তার মাধ্যমেই ইয়ানোপোলোসের আটকের বিষয়টি সামনে আসে। ডিএইচএস সূত্র দাবি করেছে, ইয়ানোপোলোসকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Leave a Comment