যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর গবেষকরা অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় একটি নতুন ইনজেক্টেবল হাইড্রোজেল উদ্ভাবন করেছেন। এই জেল শরীরের তাপমাত্রায় তরল থেকে পিচ্ছিল সেমিসলিড পদার্থে রূপান্তরিত হয়, যা জয়েন্টের ভেতরে ওষুধ ধরে রেখে দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম।
অস্টিওআর্থ্রাইটিসের প্রচলিত চিকিৎসা পদ্ধতির বড় চ্যালেঞ্জ হলো জয়েন্টে দেওয়া ওষুধ খুব দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ওষুধ জয়েন্টের ভেতরে কয়েক সপ্তাহ পর্যন্ত সংরক্ষিত থাকে এবং ধীরে ধীরে মুক্তি পায়। এতে রোগীর বারবার ইনজেকশন নেওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হ্রাস পাবে।
গবেষকদের মতে, এই হাইড্রোজেল কেবল ব্যথানাশক হিসেবেই নয়, বরং জয়েন্টের প্রদাহ কমানো এবং কোষের ক্ষয় রোধে কার্যকর উপাদান বহনেও সক্ষম। এটি জয়েন্টকে পিচ্ছিল করার পাশাপাশি সরাসরি আক্রান্ত স্থানে ওষুধ পৌঁছে দেওয়ার মাধ্যমে রোগের মূল কারণের ওপর কাজ করবে।
প্রাথমিকভাবে এটি হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসার জন্য তৈরি করা হলেও ভবিষ্যতে পিঠের মেরুদণ্ড বা রোটেশর কাফের মতো অন্যান্য হাড়ের সমস্যার সমাধানেও এটি কার্যকর হতে পারে বলে বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন।