যুক্তরাষ্ট্রের কুপার্টিনোতে অবস্থিত অ্যাপল জানিয়েছে, আইফোনের লক স্ক্রিনে ‘iPhone Unavailable’ বার্তাটি মূলত ভুল পাসকোড বারবার প্রবেশের কারণে দেখা দেয়। এটি মূলত ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুরক্ষা ব্যবস্থা, তবে ভুলবশত বা পকেট থেকে চাপ লাগলেও এমনটি ঘটতে পারে। এই সমস্যা সমাধানের কয়েকটি কার্যকরী পদ্ধতি নিচে তুলে ধরা হলো।
পাসকোড রিসেট সুবিধা
যদি আপনার আইফোনে আইওএস ১৭ বা তার পরবর্তী ভার্সন থাকে এবং গত ৭২ ঘণ্টার মধ্যে আপনি পাসকোড পরিবর্তন করে থাকেন, তবে আপনি আগের পাসকোড ব্যবহার করে ফোনটি আনলক করতে পারবেন। পাঁচবার ভুল পাসকোড দেওয়ার পর ‘iPhone Unavailable’ স্ক্রিন দেখা দিলে নিচে থাকা ‘Forgot Passcode’ অপশনে চাপ দিতে হবে। এরপর ‘Enter Previous Passcode’ নির্বাচন করে আগের পাসকোড দিলেই ফোনটি আনলক হবে এবং আপনি নতুন পাসকোড সেট করার সুযোগ পাবেন।
কম্পিউটার ছাড়া রিসেট করার উপায়
আইওএস ১৫.২ বা তার পরবর্তী ভার্সন ব্যবহারকারীরা কম্পিউটার ছাড়াই ফোন রিসেট করতে পারবেন, যদি ফোনে ‘Find My’ চালু থাকে এবং ইন্টারনেট সংযোগ সক্রিয় থাকে। এক্ষেত্রে স্ক্রিনে আসা ‘Forgot Passcode’ এবং পরবর্তীতে ‘iPhone Reset’ অপশনে যেতে হবে। এরপর অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে সাইন আউট করে ‘Erase iPhone’ নির্বাচন করলে সব তথ্য মুছে যাবে এবং ফোনটি নতুন করে সেটআপ করা যাবে। তবে ই-সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে রিসেট করার আগে ক্যারিয়ারের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে অ্যাপল।
কম্পিউটারের মাধ্যমে রিসেট
পিসি বা ম্যাক ব্যবহার করে ফোন রিসেট করতে চাইলে একটি ক্যাবলের মাধ্যমে আইফোন কম্পিউটারের সাথে যুক্ত করতে হবে। পিসিতে ‘Apple Devices’ অ্যাপ এবং ম্যাকে ‘Finder’ ব্যবহার করতে হবে। ফোনটিকে রিকভারি মোডে নিয়ে কম্পিউটারের মাধ্যমে ‘Restore’ অপশনটি বেছে নিতে হবে। এই প্রক্রিয়ায় ফোনের সব তথ্য মুছে যাবে, তাই আগে থেকে আইক্লাউড ব্যাকআপ থাকলে তা পরে পুনরুদ্ধার করা সম্ভব হবে।