জার্মানির ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে ব্রিটিশ তরুণী নিহত

August 31, 2026

জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের রোজেনহাইম রেল স্টেশনে ছুরিকাঘাতে ৩১ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে এ ঘটনা ঘটে। বাভারিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ২৭ বছর বয়সী এক জার্মান যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

ঘটনার কারণ ও প্রেক্ষাপট নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া শনি ও রোববারের মধ্যবর্তী সময়ে স্টেশনে কোনো ঝগড়া বা হাতাহাতির ঘটনা কেউ দেখে থাকলে তাদের পুলিশের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আটককৃত ওই যুবক ফুরস্টেনফেল্ডব্রুক এলাকার বাসিন্দা। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, তাকে রোববার আদালতে হাজির করার কথা রয়েছে। তবে ওই নারী ও হামলাকারী একে অপরকে চিনতেন কিনা বা ওই নারী কেন বাভারিয়াতে ছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

রোজেনহাইম আপার বাভারিয়ার একটি বড় শহর এবং অস্ট্রিয়ার ভিয়েনা, সালজবুর্গ ও ইনসব্রুকের যাত্রীদের জন্য এটি একটি ব্যস্ত রেল জংশন। বর্তমানে এলাকাটিতে রোজেনহাইমার হার্বস্টফেস্ট উৎসব চলছে।

রোজেনহাইমের মেয়র আবুজার এরদোয়ান জানিয়েছেন, এই ঘটনাটি শহরের কোনো নিরাপত্তা ঝুঁকি বা স্থানীয় উৎসবের সাথে সম্পর্কিত বলে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। অপরাধ তদন্ত বিভাগ এবং সরকারি কৌঁসুলির কার্যালয় ঘটনাটির কারণ খুঁজে বের করতে কাজ করছে।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহত তরুণীর পরিবারের সদস্যদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।

Leave a Comment