যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির অ্যাপ স্টোর ও পণ্য ইভেন্ট পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দীর্ঘদিনের নির্বাহী ফিল শিলার। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, শিলার তার বর্তমান পদ থেকে অব্যাহতি নিলেও ‘অ্যাপল ফেলো’ হিসেবে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগে কাজ করবেন। টিম কুক সিইও পদ থেকে সরে দাঁড়ানো এবং জন টার্নাস সেই দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ার মধ্যেই অ্যাপলের উচ্চপর্যায়ে এই রদবদল ঘটল।
শিলার অ্যাপলের ইতিহাসের অন্যতম পরিচিত মুখ। ২০২০ সালে মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পরও তিনি অ্যাপলের বিভিন্ন পণ্য উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত ছিলেন। স্টিভ জবসের সাথে অ্যাপ স্টোর তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি আইফোন ও আইপড তৈরির পেছনেও তার বড় অবদান ছিল। এছাড়া অ্যাপ স্টোরের প্রধান হিসেবে ডেভেলপারদের সাথে সমন্বয়, অ্যাপ অনুমোদন এবং বিভিন্ন আইনি জটিলতার পর নীতিমালা ও রাজস্ব শেয়ারিং পুনর্নির্ধারণের মতো কঠিন কাজগুলো তিনি সামলেছেন।
অ্যাপলের অভ্যন্তরীণ এই পরিবর্তনের ফলে অ্যাপ স্টোরের দায়িত্ব পুনরায় এডি কিউয়ের অধীনে ন্যস্ত হচ্ছে, যিনি সার্ভিস ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত। ২০১৫ সালের আগ পর্যন্ত তিনি এই বিভাগের দায়িত্বে ছিলেন। শিলার এতদিন যে দায়িত্ব পালন করছিলেন, এখন থেকে অ্যাপ স্টোরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন কারসন অলিভার।
অন্যদিকে, শিলার এতদিন পণ্য ইভেন্টের যে দায়িত্বে ছিলেন, তা এখন সামলাবেন নোলা উইনস্টেইন। তিনি কমিউনিকেশন ও জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিন হিউগেট কোয়েলের অধীনে কাজ করবেন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য অ্যাপল ইভেন্টটি উইনস্টেইনের নেতৃত্বে আয়োজিত প্রথম বড় আয়োজন হতে যাচ্ছে। সেখানে নতুন আইফোন ১৮ প্রো মডেল, অ্যাপল ওয়াচ ও ভাঁজ করা যায় এমন নতুন আইফোন বাজারে আনার সম্ভাবনা রয়েছে।