নিজের প্রযুক্তি ব্যবহারের শর্তে সাশ্রয়ী স্লেট ইলেকট্রিক ট্রাক

September 1, 2026

যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) স্টার্টআপ স্লেট তাদের নতুন ট্রাক বাজারে এনেছে, যা মূলত গ্রাহকদের নিজস্ব প্রযুক্তি ব্যবহারের ওপর ভিত্তি করে তৈরি। প্রতিষ্ঠানের ভাষ্যমতে, গাড়িতে কোনো বিল্ট-ইন ইনফোটেইনমেন্ট সিস্টেম না থাকায় এবং গ্রাহকদের নিজের স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারের সুযোগ রাখায় এটি আমেরিকার বাজারের সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক ট্রাকে পরিণত হয়েছে। এই মিনিমালিস্ট পদ্ধতির কারণেই গাড়িটির দাম অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

গাড়িটির বেস মডেল বা ব্ল্যাংক স্লেটের দাম শুরু হচ্ছে ২৪ হাজার ৯৫০ ডলার থেকে। তবে গ্রাহক পছন্দের ফিচার যোগ করলে এর দাম সর্বোচ্চ ৪৬ হাজার ৪৯৩ ডলার পর্যন্ত হতে পারে। এই মডেলগুলো তিনটি ভিন্ন ডিজাইনে পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে সাধারণ পিকআপ, আবদ্ধ এসইউভি এবং ফাস্টব্যাক স্টাইল।

গাড়িতে কোনো আধুনিক ডিসপ্লে না থাকলেও আইনি বাধ্যবাধকতার কারণে স্টিয়ারিং হুইলের পেছনে একটি ছোট এলসিডি স্ক্রিন রাখা হয়েছে, যা রিভার্স গিয়ার দেওয়ার সাথে সাথে ব্যাকআপ ক্যামেরা হিসেবে কাজ করে। স্মার্টফোন মাউন্ট করার জন্য এতে একটি বিল্ট-ইন মাউন্ট ও ইউএসবি পোর্ট রয়েছে।

গ্রাহকরা চাইলে অতিরিক্ত অর্থের বিনিময়ে ট্যাবলেট মাউন্ট, ব্লুটুথ স্পিকার মাউন্ট এবং বিভিন্ন অডিও সিস্টেম যোগ করতে পারবেন। এছাড়া ২৭৫ ডলারের বিনিময়ে টেলিমেটিক্স মডিউল কেনার সুযোগ রয়েছে, যার মাধ্যমে অ্যাপের সাহায্যে গাড়ি আনলক এবং ব্যাটারি প্রি-কন্ডিশন করার মতো সুবিধা পাওয়া যাবে।

Leave a Comment