যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, এইচডিএমআই ক্যাবলের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করলেই ছবির গুণমান বা শব্দের মান উন্নত হয় না। প্রযুক্তি বিশ্লেষক নোভাক বোজোভিক বলছেন, একটি ১০ ডলারের ক্যাবল যে কাজ করে, ১০০ ডলারের ক্যাবলও সাধারণত একই সিগন্যাল বহন করে। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে দামি ক্যাবল ব্যবহারের যৌক্তিক কারণ রয়েছে।
ক্যাবলের কাজের ধরন
এইচডিএমআই ক্যাবলের মূল কাজ হলো ডিজিটাল ভিডিও এবং অডিও সিগন্যাল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পৌঁছে দেওয়া। এটি কোনো সিগন্যাল প্রসেসিং বা উন্নত করে না। যদি কোনো ক্যাবল আপনার ডিভাইসের রেজোলিউশন এবং রিফ্রেশ রেটের চাহিদা মেটাতে পারে, তবে সেটিই পর্যাপ্ত। সনি বা অন্যান্য প্রতিষ্ঠানের মতে, যদি ক্যাবল সঠিক ব্যান্ডউইথ নিশ্চিত করতে না পারে, তবেই কেবল সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে পিএস৫ বা গেম খেলার সময় ৪কে/১২০ হার্জ আউটপুট পেতে আল্ট্রা হাই স্পিড ক্যাবল প্রয়োজন হতে পারে।
সঠিক ক্যাবল নির্বাচন
বাজারে ক্যাবল কেনার সময় ভার্সন নম্বরের পরিবর্তে ক্যাটাগরি দেখে কেনা বুদ্ধিমানের কাজ। বর্তমানে প্রিমিয়াম হাই স্পিড (১৮ জিবিপিএস), আল্ট্রা হাই স্পিড (৪৮ জিবিপিএস) এবং আল্ট্রা৯৬ (৯৬ জিবিপিএস পর্যন্ত) ক্যাবল পাওয়া যায়। সাধারণত স্ট্রিমিংয়ের জন্য প্রিমিয়াম হাই স্পিড ক্যাবলই যথেষ্ট। তবে হাই-এন্ড গেমিং বা ৮কে ভিডিওর মতো উচ্চ চাহিদার ক্ষেত্রে আল্ট্রা হাই স্পিড বা আল্ট্রা৯৬ ক্যাবল প্রয়োজন হতে পারে। ক্যাবল কেনার সময় প্যাকেজিংয়ে থাকা অফিশিয়াল সার্টিফিকেশন লেবেল এবং কিউআর কোড যাচাই করে নেওয়া উচিত।
দীর্ঘ দূরত্বের সংযোগ
ক্যাবল বেশি দামি হওয়ার একটি বৈধ কারণ হলো এর দৈর্ঘ্য এবং নির্মাণশৈলী। সাধারণ ক্যাবল দীর্ঘ দূরত্বে সিগন্যাল ঠিকমতো পাঠাতে পারে না। যদি সংযোগটি অনেক লম্বা হয়, তবে সক্রিয় সার্কিটযুক্ত বা অপটিক্যাল ফাইবার প্রযুক্তি ব্যবহার করা ক্যাবল কেনা প্রয়োজন। এই ধরনের ক্যাবল তৈরিতে বাড়তি প্রযুক্তির প্রয়োজন হয় বলে এর দাম বেশি হয়। তবে সাধারণ ছোট সংযোগের ক্ষেত্রে খুব বেশি দামি ক্যাবল কেনার প্রয়োজনীয়তা নেই।