যুক্তরাষ্ট্রের ইউটাহতে কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক হত্যা: বিচার শুরু, হতে পারে মৃত্যুদণ্ড

September 2, 2026

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের প্রোভো শহরে কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক হত্যার ঘটনায় অভিযুক্ত ২৩ বছর বয়সী টাইলার রবিনসন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলার বিচারক জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন মৃত্যুদণ্ডের দাবি জানাতে পারবে। এর মাধ্যমে কার্কের পরিবারের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হলো বলে মনে করা হচ্ছে।

২০২৫ সালের ১০ সেপ্টেম্বর ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় ৩১ বছর বয়সী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ-এর সহ-প্রতিষ্ঠাতা এবং রিপাবলিকান রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি।

প্রসিকিউটর রায়ান ম্যাকব্রাইড আদালতে জানান, অভিযুক্ত রবিনসনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ফুটেজ, ডিএনএ নমুনা এবং হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা। প্রসিকিউশন দাবি করেছে, কার্কের রাজনৈতিক মতাদর্শ বিশেষ করে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কার্কের অবস্থানের প্রতি ঘৃণা থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড বাতিলের আবেদন জানালেও আদালত তা খারিজ করে দিয়েছেন। প্রসিকিউটর চ্যাড গ্রুনান্ডার যুক্তি দেখান যে, জনবহুল স্থানে ভিড়ের মধ্যে গুলি চালানোয় সাধারণ মানুষের জীবনের ঝুঁকি ছিল, যা এই মামলাকে গুরুতর অপরাধের পর্যায়ে নিয়ে গেছে।

কার্কের স্ত্রী এরিকা এবং তার বাবা-মা আদালতে উপস্থিত ছিলেন। বিচারকের সিদ্ধান্তের পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এটি ন্যায়বিচারের পথে একটি বড় পদক্ষেপ।

আগামী ২৩ অক্টোবর আদালতে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে বিচারের তারিখ চূড়ান্ত করা হতে পারে।

Leave a Comment