যুক্তরাজ্যের ওয়েলসে শেফিল্ড ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার ক্যালাম ও’হেয়ারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রেক্সহাম। দলবদলের শেষ দিনে মেডিকেল সম্পন্ন করার পর ৬.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে তিনি ক্লাবটিতে যোগ দেন। ২৮ বছর বয়সী ও’হেয়ার রেক্সহামের সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। ক্লাবটির উন্নতির ধারায় অবদান রেখে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন এই নতুন তারকা।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে রেক্সহামের কোচ ফিল পারকিনসন বলেন, ক্যালামের মতো চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় দলে আসাটা আমাদের জন্য বড় প্রাপ্তি। সামনের মৌসুমগুলোতে তিনি দলের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শেফিল্ড ইউনাইটেডের বস ক্রিস ওয়াইল্ডার এই চুক্তির বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন।
এটি এবারের গ্রীষ্মকালীন দলবদলে রেক্সহামের সপ্তম খেলোয়াড় সাইন। ও’হেয়ারের পাশাপাশি বার্নলি থেকে সেন্টার-ব্যাক জো ওরালকেও দলে নিয়েছে দলটি। এছাড়া গোলরক্ষক অ্যান্থনি প্যাটারসনসহ আরও বেশ কিছু নতুন খেলোয়াড়কে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে ক্লাবটি। এর বিপরীতে স্কোয়াডের ভারসাম্য ঠিক রাখতে কিছু খেলোয়াড়কে বিদায়ও জানিয়েছে রেক্সহাম, যার মধ্যে ডিফেন্ডার ড্যান স্কার স্যালফোর্ড সিটিতে যোগ দিয়েছেন।