জার্মানির বার্লিনে আয়োজিত আইএফএ ২০২৬ প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় চার্জিং প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাঙ্কার নতুন বেশ কিছু গ্যাজেট প্রদর্শন করেছে। এসব ডিভাইসে চার্জিং ডেটা মনিটরিংয়ের জন্য আধুনিক ডিসপ্লে এবং একাধিক ডিভাইস একসাথে চার্জ করার সক্ষমতা রাখা হয়েছে। মূলত গ্রাহকদের দৈনন্দিন চার্জিং অভিজ্ঞতা সহজ ও উন্নত করতে এই নতুন পণ্যগুলো বাজারে আনছে প্রতিষ্ঠানটি।
অ্যাঙ্কার ন্যানো ইউনিভার্সাল চার্জার
নতুন এই চার্জারটি আকারে ছোট হলেও ২০০টির বেশি দেশে ব্যবহারের উপযোগী। এতে ইউএস, ইউকে ও ইইউ প্লাগ সুবিধা রয়েছে। চার্জারটিতে থাকা বৃত্তাকার ডিসপ্লের মাধ্যমে ভোল্টেজ ও তাপমাত্রা পর্যবেক্ষণ করা যায়। এতে তিনটি ইউএসবি-সি এবং একটি ইউএসবি-এ পোর্ট রয়েছে, যার মাধ্যমে একসাথে চারটি ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। সিঙ্গেল ইউএসবি-সি পোর্টের মাধ্যমে এটি ১০০ ওয়াট পর্যন্ত ল্যাপটপ চার্জ দিতে পারে। তবে এর দাম বা কবে পাওয়া যাবে তা জানানো হয়নি।
ন্যানো চার্জিং স্টেশন ও ডেস্কটপ ইউএসবি-সি হাব
পকেটে বহনযোগ্য ন্যানো চার্জিং স্টেশনটিতে কোনো স্ক্রিন নেই, তবে এটি একসাথে ছয়টি ডিভাইস চার্জ করতে পারে। এটি ৩০ মিনিটে দুটি ম্যাকবুক এয়ার এবং একটি আইফোন ১৭ প্রো-এর ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। অন্যদিকে, ডেস্কটপ ইউএসবি-সি হাবে রয়েছে ইথারনেট, এইচডিএমআই ২.১ এবং ডিসপ্লে পোর্টসহ একাধিক সুবিধা। এর বিল্ট-ইন স্ক্রিনে চার্জিং পাওয়ার, ডেটা ট্রান্সফার রেট বা পোমোডোরো টাইমার দেখা যাবে।
ল্যাপটপ চার্জার প্রো ও পাওয়ার ব্যাংক
নতুন ল্যাপটপ চার্জার প্রো ল্যাপটপের মডেল শনাক্ত করে ব্যাটারির স্থায়িত্ব রক্ষায় নির্দিষ্ট কার্ভ ব্যবহার করে। ৬০ ডলার মূল্যের এই চার্জারটি সেপ্টেম্বরে বাজারে আসবে। এছাড়া অ্যাপল ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে ম্যাগগো পাওয়ার ব্যাংক প্রো ২। ১০,০০০ এমএএইচ ক্ষমতার এই পাওয়ার ব্যাংকটি ১৭ সেপ্টেম্বর বাজারে আসবে, যার দাম ১১০ ডলার। পাশাপাশি ম্যাগস্ট্যান্ড চার্জিং স্টেশনে থাকবে অ্যাক্টিভ কুলিং সিস্টেম ও ডিসপ্লে সুবিধা, যা বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসার কথা রয়েছে।