যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউগ্রিন তাদের নতুন এআই-চালিত স্মার্ট হোম পণ্যের বিশাল লাইনআপ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি মূলত লোকাল এআই হাব ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে নতুন এই স্মার্ট হোম ইকোসিস্টেম তৈরি করেছে। আমাজন বা গুগলের মতো ক্লাউডভিত্তিক সেবার বদলে ডেটা স্থানীয়ভাবে প্রসেস করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ইউগ্রিনের এই নতুন স্মার্ট হোম ইকোসিস্টেমের কেন্দ্রে রয়েছে হোম-এজেন্ট (HomeAgent) এবং মাস্টার-এজেন্ট (MasterAgent) হাব। এগুলোর মধ্যে এইচএ১০০ (HA100) এবং এইচএ১০০ প্রো (HA100 Pro) মডেলের হাবগুলো এআরএম (ARM) আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি। এইচএ১০০ মডেলটির খুচরা মূল্য ১,৭৯৯ ডলার এবং প্রো মডেলটির দাম ৫,৯৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
সবচেয়ে শক্তিশালী হাব হিসেবে উন্মোচন করা হয়েছে মাস্টার-এজেন্ট এমএ১০০ (MasterAgent MA100)। এটি এনভিডিয়ার জেটসন থর (Nvidia Jetson Thor) প্ল্যাটফর্মে চলে এবং এতে ১২৮ জিবি ইউনিফাইড মেমোরি রয়েছে। অত্যন্ত শক্তিশালী এই হাবটির খুচরা মূল্য ২০,০০০ ডলার। ইউগ্রিনের মতে, এটি মূলত ব্যবহারকারীর ড্রয়িংরুমে একটি মিনি এআই সার্ভারের মতো কাজ করবে।
নিরাপত্তার জন্য ইউগ্রিন বাজারে এনেছে সিনকেয়ার (SynCare) ব্র্যান্ডের তিনটি ক্যামেরা—আইডি৫০০ প্রো, ওডি৬০০ প্রো এবং ওডি৮০০ প্রো। এছাড়া স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকছে ‘উলিয়া’ (Uliya) এবং একটি স্মার্ট স্পিকার। স্মার্ট হোম নিয়ন্ত্রণের সুবিধার্থে তারা ১৩.৩ ইঞ্চির একটি ডিজিটাল পিকচার ফ্রেমও উন্মোচন করেছে।
ইউগ্রিন জানিয়েছে, তাদের এই ডিভাইসগুলো অনভিফ (ONVIF) এবং ম্যাটার (Matter) প্রটোকল সমর্থন করবে। তবে বর্তমান স্মার্ট হোম ইকোসিস্টেমে জনপ্রিয় ‘হোম অ্যাসিস্ট্যান্ট’ (Home Assistant) প্ল্যাটফর্মের জন্য এতে কোনো আনুষ্ঠানিক সমর্থন রাখা হয়নি।
ইউগ্রিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে যা আগামী অক্টোবর পর্যন্ত চলবে। এরপর কিকস্টার্টার প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রাউডফান্ডিং প্রক্রিয়া শেষে আগামী বছরের জানুয়ারি মাস থেকে পণ্য সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।