যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস ওপেন টুর্নামেন্টে শতাধিক ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরকে আমন্ত্রণ জানানোর পর থেকে টেনিস খেলার শিষ্টাচার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ নতুন দর্শকদের কাছে টেনিসকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নিলেও, খেলোয়াড়রা মনে করছেন এটি খেলার মাঠের শৃঙ্খলা ব্যাহত করছে।
বিশ্বের চতুর্থ শীর্ষ খেলোয়াড় কোকো গফ জানান, নতুন দর্শক বাড়ানো টেনিসের জন্য ইতিবাচক হলেও খেলার নিজস্ব শিষ্টাচার বজায় রাখা জরুরি। তিনি বলেন, রেড কার্পেটে যাওয়ার মতো পোশাক পরে যেমন মাঠে আসা যায় না, তেমনি টেনিসের নিয়মগুলোও দর্শকদের বোঝা উচিত।
টুর্নামেন্টের অন্যতম তারকা নাওমি ওসাকার প্রথম রাউন্ডের ম্যাচে একদল ইনফ্লুয়েন্সার হসপিটালিটি সুইটে ফটোশুট করার সময় পোর্টেবল রিং লাইট জ্বালালে আম্পায়ার তাদের সতর্ক করেন। ওসাকা জানান, এমন পরিস্থিতি তার এবং তার প্রতিপক্ষের মনোযোগ নষ্ট করেছে। তিনি আরও বলেন, সমর্থকদের অবশ্যই খেলার নিয়ম ও শিষ্টাচারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।
এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে খেলোয়াড়দের কাছ থেকে। দানিিল মেদভেদেভ ও ফ্রান্সেস টিয়াফো মনে করেন, টেনিসের জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন দর্শকদের উপস্থিতি জরুরি। তবে জেসিকা পেগুলা সরাসরি একে অসম্মানজনক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, রিং লাইট ব্যবহার বা খেলা চলাকালীন ভিডিও তৈরির প্রবণতা খেলোয়াড়দের পেশাদারিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
টেনিস অ্যাসোসিয়েশন ইউএসটিএ জানিয়েছে, তারা নতুন দর্শক আকৃষ্ট করার পাশাপাশি খেলার পরিবেশ যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে। মাঠের বড় স্ক্রিনে এখন দর্শকদের খেলা চলাকালীন শব্দ করা, ফ্ল্যাশ ফটোগ্রাফি বা রিং লাইট ব্যবহার না করার জন্য নিয়মিত সচেতনতা বার্তা প্রচার করা হচ্ছে।