ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে আল-মুগাইয়ার গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সৈন্যদের হামলায় ওমর আল-নাসান ও খলিল আবু আলিয়া নামে দুই কিশোর নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের পর গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
নিহত ওমর আল-নাসানের বাবা মোহাম্মদ আল-নাসান বিবিসিকে বলেছেন, সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা সবসময় আতঙ্কে থাকেন। তিনি জানান, তাদের প্রত্যাশা থাকে যে, ছেলেরা যখন রাস্তায় বের হয়, তারা আহত হয়ে বা নিথর দেহেই বাড়ি ফিরবে।
আল-মুগাইয়ার গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন পার করছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, সহিংস দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে তারা গুলি চালিয়েছে। ঘটনাটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।