ম্যাকবুকের হার্ডওয়্যার সমস্যা চিহ্নিত করার উপায়

September 6, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের ম্যাকবুক ব্যবহারকারীদের হার্ডওয়্যার সমস্যা শনাক্ত করার জন্য ‘অ্যাপল ডায়াগনস্টিকস’ নামক একটি বিশেষ সুবিধা প্রদান করে। ডিভাইসটি বারবার বন্ধ হয়ে যাওয়া, ডিসপ্লেতে ত্রুটি বা কিবোর্ড কাজ না করার মতো সমস্যাগুলো হার্ডওয়্যারের নাকি সফটওয়্যারের, তা নিশ্চিত করতে এই টুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রক্রিয়া শুরু করার আগে আপনার ম্যাকবুকটি অ্যাপল সিলিকন নাকি ইন্টেল প্রসেসরের, তা জেনে নেওয়া জরুরি। ‘অ্যাবাউট দিস ম্যাক’ অপশনে গিয়ে আপনি এই তথ্য যাচাই করতে পারবেন। এছাড়া অ্যাপল সিলিকন ম্যাকবুকগুলোতে সাধারণত এম-সিরিজ প্রসেসর থাকে।

অ্যাপল ডায়াগনস্টিকস চালুর নিয়ম

টেস্ট শুরু করার আগে সম্ভব হলে ম্যাকওএস আপডেট দিয়ে নিতে হবে এবং বাইরের সব অপ্রয়োজনীয় ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। অ্যাপল সিলিকন ম্যাকবুকের ক্ষেত্রে পাওয়ার বাটন চেপে ধরে স্টার্টআপ অপশন আনতে হবে এবং পরে কমান্ড (⌘) ও ডি (D) কি চেপে ধরে ডায়াগনস্টিক মোডে প্রবেশ করতে হবে। ইন্টেল প্রসেসরের ম্যাকবুকের ক্ষেত্রে কম্পিউটার চালু করার সময় ডি (D) কি চেপে রাখতে হয়। কাজ না হলে অপশন (⌥) ও ডি (D) চেপে ইন্টারনেট সংযোগের মাধ্যমে এটি চালু করা যায়।

কিভাবে কাজ করে

অ্যাপল ডায়াগনস্টিকস শুধুমাত্র ইন্টারনাল হার্ডওয়্যার যেমন ব্যাটারি, মেমরি, ক্যামেরা বা ট্র্যাকপ্যাডের সমস্যা শনাক্ত করতে পারে। তবে এটি কোনো সফটওয়্যার সমস্যা বা এক্সটারনাল ইউএসবি ডিভাইসের ত্রুটি খুঁজে বের করতে পারে না। যদি পরীক্ষায় ‘ADP000’ কোড দেখা যায়, তার অর্থ হার্ডওয়্যারে কোনো ত্রুটি নেই। সেক্ষেত্রে সমস্যাটি সফটওয়্যার বা অন্য কোনো কারণে হতে পারে।

পরবর্তী পদক্ষেপ

পরীক্ষা শেষে কোনো রেফারেন্স কোড পাওয়া গেলে সেটি নোট করে রাখা জরুরি। এই কোডগুলো অ্যাপল সাপোর্ট বা অনুমোদিত সার্ভিস সেন্টারে দেখালে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবে। হার্ডওয়্যার টেস্টে সমস্যা না পাওয়া গেলে ম্যাকওএস রিকভারি মোড ব্যবহার করে সফটওয়্যারজনিত ত্রুটি সারানোর চেষ্টা করা যেতে পারে।

Leave a Comment