তানজানিয়ার ফার্স্ট জেন্টলম্যান হাফিদ আমির হাসানের মৃত্যু

September 7, 2026

তানজানিয়ার জাঞ্জিবারে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের স্বামী হাফিদ আমির হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট দেওগ্রাটিয়াস এনদেজেমবি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। এই মৃত্যু প্রেসিডেন্ট সামিয়া এবং দেশটির জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় এমিলিও মজেনা মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন সন্ধ্যায় জাঞ্জিবারের কিজিমকাজি গ্রামে তার পারিবারিক বাসভবনে তাকে দাফন করা হয়।

পেশাগত জীবনে হাফিদ আমির হাসান ছিলেন একজন কৃষি বিশেষজ্ঞ। ২০২১ সালে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দায়িত্ব গ্রহণের পর তিনি দেশটির প্রথম ‘ফার্স্ট জেন্টলম্যান’ হিসেবে পরিচিতি পান। তবে তিনি সবসময়ই প্রচারবিমুখ ছিলেন এবং জনসমক্ষে খুব কম আসতেন। ১৯৭৮ সালে তাদের বিয়ে হয় এবং তাদের চার সন্তান রয়েছে।

হাফিদ আমির হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা এবং বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ট এনদাইশিমিয়ে। তারা প্রেসিডেন্ট সামিয়া ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment