কানাডীয় পণ্য আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা

September 9, 2026

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কানাডার বিভিন্ন পণ্যের ওপর আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করায় মঙ্গলবার বেশ কয়েকটি নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন তিনি। ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপে অ্যালকোহল, দুগ্ধজাত পণ্য এবং মোটর যান অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্পের দাবি, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক থেকে সরে আসা কানাডার জন্য ব্যয়বহুল হবে। আগস্টের শেষদিকে দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন কোনো বৈঠকের সময় নির্ধারণ করা হয়নি। তবে দুই দেশই একটি বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বলে উভয় পক্ষ থেকে জানানো হয়েছে।

কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে কানাডার মোট রপ্তানির দুই-তৃতীয়াংশেরও বেশি যুক্তরাষ্ট্রে যায়। গত মাসে হোয়াইট হাউজ কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তার জবাবে কানাডাও ইস্পাত, পোশাক ও আসবাবপত্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করে, যা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

হোয়াইট হাউজের দাবি, কানাডা অন্য দেশের পণ্যের ক্ষেত্রে সুবিধা দিলেও মার্কিন পণ্যের বিতরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এর আগে সোমবার ট্রাম্প কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বম্বার্ডিয়ারকে সতর্ক করে দিয়ে বলেন, উৎপাদন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে সরিয়ে না নিলে তাদের পণ্য আর মার্কিন বাজারে বিক্রি করা যাবে না। বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে ট্রাম্পের এই শুল্ক নীতি দীর্ঘকাল ধরেই বিতর্কিত এবং এর ফলে ঐতিহ্যগত মিত্রদের সাথেও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন বেড়েছে।

Leave a Comment