মহাকাশের অন্য নক্ষত্রমণ্ডল থেকে আসা ধূমকেতু ৩আই/অ্যাটলাসে মিথানলের আধিক্য

September 10, 2026

চিলির আতাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (আলমা) টেলিস্কোপের পর্যবেক্ষণে ইন্টারস্টেলার ধূমকেতু ৩আই/অ্যাটলাসে অস্বাভাবিক পরিমাণে মিথানলের উপস্থিতি পাওয়া গেছে। আমেরিকার আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষণাটির প্রধান লেখক নাথান রথ জানিয়েছেন, ৩আই/অ্যাটলাস পর্যবেক্ষণের মাধ্যমে আমরা অন্য একটি সৌরজগতের রাসায়নিক তথ্যের ছাপ পেয়েছি। ধূমকেতুটি মিথানলে পরিপূর্ণ, যা আমাদের সৌরজগতের ধূমকেতুতে সচরাচর দেখা যায় না।

গবেষকরা চিলিতে আলমা’র আতাকামা কম্প্যাক্ট অ্যারে ব্যবহার করে ২০২৫ সালের শেষ দিকে ধূমকেতুটিকে পর্যবেক্ষণ করেন। সূর্যের তাপ ধূমকেতুটির বরফ পৃষ্ঠকে উত্তপ্ত করলে এর কেন্দ্র থেকে গ্যাস ও ধূলিকণা নির্গত হয়ে একটি উজ্জ্বল মেঘ বা কোমা তৈরি হয়। সেই মেঘের অণু বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর রাসায়নিক গঠন সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

পর্যবেক্ষণে দেখা গেছে, ৩আই/অ্যাটলাসে হাইড্রোজেন সায়ানাইডের তুলনায় মিথানলের অনুপাত অত্যন্ত বেশি। হাইড্রোজেন সায়ানাইড সাধারণত ধূমকেতুর কেন্দ্র থেকে নির্গত হলেও মিথানল নির্গত হচ্ছে ধূমকেতুর কেন্দ্র এবং কোমার মধ্যে ভাসমান বরফের কণা থেকে। এই বরফের ক্ষুদ্র কণাগুলো যেন ছোট ছোট ধূমকেতুর মতো আচরণ করছে, যা উত্তপ্ত হওয়ার পর মিথানল গ্যাস ছড়াচ্ছে।

এই রাসায়নিক বিন্যাস ইঙ্গিত দেয় যে, ৩আই/অ্যাটলাসের বরফের গঠন আমাদের সৌরজগতের অধিকাংশ ধূমকেতুর চেয়ে ভিন্ন পরিবেশে হয়েছে। এটি সৌরজগতে প্রবেশ করা তৃতীয় ইন্টারস্টেলার বস্তু। এর আগের দুটি বস্তু ওউমুয়ামুয়া এবং বরিসভ-এর মতো এটিও সৌরজগৎ ও এর বাইরের নক্ষত্রমণ্ডলগুলো কীভাবে গঠিত হয়েছিল, তা নিয়ে নতুন তথ্য দিচ্ছে।

Leave a Comment