যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কিশোর-কিশোরীদের সুরক্ষার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ার আসক্তিমূলক ফিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন আইন স্বাক্ষর করেছেন গভর্নর গ্যাভিন নিউসাম। এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য হলো অপ্রাপ্তবয়স্কদের অনলাইন ঝুঁকির হাত থেকে রক্ষা করা এবং এআই প্রযুক্তির ব্যবহারে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
নতুন আইন অনুযায়ী, এআই চ্যাটবট পরিচালনাকারী কোম্পানিগুলোকে এখন থেকে কঠোর নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে কিশোর ব্যবহারকারীদের জন্য চ্যাটবটের সময়সীমা নির্ধারণ, মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান এবং কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী আত্মক্ষতিকর কোনো বিষয় নিয়ে আলোচনা করলে তা শনাক্ত করার মতো নিরাপত্তা প্রোটোকল। এছাড়া, কোনো শিশু নিরাপত্তার সেটিংস বন্ধ করলে তা অভিভাবকদের জানানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে। এআই কোম্পানিগুলোকে এখন থেকে নিয়মিত স্বাধীন নিরাপত্তা অডিট এবং বার্ষিক ঝুঁকি মূল্যায়ন করতে হবে। নিয়ম ভঙ্গ করলে এসব প্রতিষ্ঠানের আইনি দায়বদ্ধতা তৈরি হবে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ‘আসক্তিমূলক ফিচার’ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আওতায় স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালানো বা অটো-প্লে, অতিরিক্ত নোটিফিকেশন এবং অ্যালগরিদম ভিত্তিক কন্টেন্ট ফিড নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এই আইনের বিরুদ্ধে সমালোচনাও উঠেছে। ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (ইএফএফ) দাবি করেছে, এটি কিশোরদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কার্যকর নিষেধাজ্ঞা হিসেবে কাজ করবে। তাদের মতে, বয়সের প্রমাণ নিশ্চিত করতে গিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ঝুঁকির মুখে পড়বে এবং কিশোররা ডিজিটাল জগতের প্রয়োজনীয় সুযোগ থেকে বঞ্চিত হবে।
গভর্নর গ্যাভিন নিউসাম কিশোরদের সুরক্ষায় আরও কিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা বা ডিজিটালভাবে পরিবর্তিত ছবিকেও শিশু যৌন শোষণের সংজ্ঞার অন্তর্ভুক্ত করা। এছাড়া, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় এবং তাদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।