নতুন রূপে ফিরল প্যাকার্ড বেল, তবে হতাশায় মার্কিন গ্রাহকরা

September 11, 2026

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬ প্রদর্শনীতে পিসি নির্মাতা প্রতিষ্ঠান এসার জনপ্রিয় ব্র্যান্ড প্যাকার্ড বেলকে নতুন রূপে বাজারে আনার ঘোষণা দিয়েছে। এসারের ইউরোপ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ভ্যালেরি পিউ জানিয়েছেন, দৈনন্দিন প্রযুক্তি ব্যবহারের সহজলভ্যতা নিশ্চিত করতে নতুন স্লোগান ‘টেক ইট ইজি’ নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি। তবে নস্টালজিক মার্কিন গ্রাহকদের জন্য দুঃসংবাদ হলো, এই নতুন পণ্যসামগ্রী আপাতত যুক্তরাষ্ট্র বাজারে আসছে না।

পুরোনো সেই বাদামী রঙের ডেস্কটপ বা ভারী মনিটরের দিন শেষ। নতুন প্যাকার্ড বেলের পণ্যগুলোতে কমলা, বেগুনি, সবুজ এবং হলুদের মতো উজ্জ্বল রঙের ছোঁয়া থাকছে। সাশ্রয়ী দামের ভোক্তা প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে বাজারজাত করা হচ্ছে ব্র্যান্ডটির নতুন সব পণ্য।

প্যাকার্ড বেলের নতুন পণ্য তালিকায় রয়েছে ডটবুক ল্যাপটপ। ১৪.৫ ইঞ্চির এই ল্যাপটপে ইন্টেল কোর ৩ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সুবিধা থাকছে। এর দাম শুরু হচ্ছে ৪৯৯ ইউরো থেকে। ল্যাপটপের পাশাপাশি তারা বাজারে এনেছে স্যুটকেস টার্নটেবল, ৪জি ফিচার ফোন, অডিও গ্লাস ও ডেস্ক এক্সেসরিজ। এমনকি ব্র্যান্ডটি স্টিসি কোম্পানির সঙ্গে মিলে একটি কানেক্টেড মিনি-স্টিমারও বাজারে আনছে।

নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে প্যাকার্ড বেল ছিল অত্যন্ত পরিচিত একটি নাম। ১৯৯৪ সাল নাগাদ এটি মার্কিন বাজারের তৃতীয় বৃহত্তম পিসি নির্মাতা হিসেবে জায়গা করে নিয়েছিল। তবে এসারের এই নতুন উদ্যোগটি বর্তমানে কেবল ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। বর্তমানে ২৮টি দেশে বহুলভাষিক সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Leave a Comment