ইরাক থেকে ড্রোন হামলা, সৌদি আরবে গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ

September 12, 2026

সৌদি আরবে ইরাক থেকে পরিচালিত একটি ড্রোন হামলার পর দেশটির একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঘটার প্রেক্ষাপটে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২০০ কিলোমিটার দীর্ঘ এই পূর্ব-পশ্চিম পাইপলাইনটি বন্ধের ঘোষণা দেয়। ইরাকি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, হামলাটি ইরান সীমান্তবর্তী মাইসান প্রদেশ থেকে চালানো হয়েছে এবং এর সঙ্গে জড়িত সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

পাইপলাইনটি সৌদি আরবের জ্বালানি রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বের বৃহত্তম এই তেল রপ্তানিকারক দেশকে হরমুজ প্রণালী এড়িয়ে তেল পরিবহনের সুযোগ দেয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট তেল সরবরাহের ৪ থেকে ৫ শতাংশ এই পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা হয়।

হামলার পর প্রকাশিত স্যাটেলাইট ছবিতে পাইপলাইনের কাছে পোড়া জমি ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিছু ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে, যা বর্তমানে নিরূপণ করা হচ্ছে। তবে ইরাকের প্রধানমন্ত্রীর অনুরোধে সৌদি আরব আপাতত কোনো পাল্টা সামরিক পদক্ষেপ নেয়নি। সৌদি আরব জানিয়েছে, তারা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়ে জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক অগ্রগতির ফলে লোহিত সাগরের শিপিং রুটগুলোও চাপের মুখে রয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞ রিচার্ড ব্রোঞ্জ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছাতে পারে, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও পণ্য পরিবহন খরচ বাড়িয়ে দেবে।

Leave a Comment