প্রিমিয়াম ফিচারে আসছে লেনোভোর নতুন গুগলবুক ১৫

September 12, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লেনোভোর নতুন ল্যাপটপ ‘গুগলবুক ১৫’ সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে, যা মূলত গুগলের আসন্ন অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ প্ল্যাটফর্মের অংশ। ম্যাকঅবজারভারের প্রতিবেদন অনুযায়ী, এই ডিভাইসটিতে ইন্টেল কোর আল্ট্রা ৫ প্রসেসর এবং উচ্চমানের ডিসপ্লের মতো প্রিমিয়াম হার্ডওয়্যার থাকবে। গুগলবুক প্ল্যাটফর্মের সক্ষমতা তুলে ধরতে এই ল্যাপটপটি বাজারে আসা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, ল্যাপটপটিতে ১৫.৩ ইঞ্চির ১২০ হার্জ ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে। এর রেজোলিউশন ২,৮৮০ গুণ ১,৮০০ পিক্সেল এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০ নিট। ল্যাপটপটিতে ১৬ জিবি বা ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যামের পাশাপাশি ২৫৬ জিবি অথবা ৫১২ জিবি স্টোরেজ অপশন থাকবে।

গুগলবুকের এই নতুন সিরিজটি প্রচলিত ক্রোমবুক প্লাস উদ্যোগের চেয়েও শক্তিশালী। এতে জেমিনি ইন্টেলিজেন্স ফিচারের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ‘ম্যাজিক কার্সার’ প্রযুক্তি মাউস কার্সারকে জেমিনির জন্য একটি কন্টেক্সচুয়াল প্রম্পটিং টুল হিসেবে ব্যবহারের সুবিধা দেবে। এছাড়া ল্যাপটপটিতে ‘গ্লোবার’ নামের একটি বিশেষ রঙিন এলইডি স্ট্রিপ যুক্ত করা হয়েছে।

লেনোভো গুগলবুক ১৫সহ নতুন প্রজন্মের এই ল্যাপটপগুলো সাধারণ ক্রোমবুকের তুলনায় কিছুটা ব্যয়বহুল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৫ সেপ্টেম্বর গুগল আয়োজিত একটি মিডিয়া ইভেন্টে এই নতুন ডিভাইসগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment