ফ্রান্সের নরমান্ডির ক্লিয়ন এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্রেনটির ১৮০ জন যাত্রীর মধ্যে গুরুতর আহত ১৮ বছর বয়সী এক তরুণীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। রঁ ও কঁ শহরের মধ্যে চলাচলকারী ট্রেনটির দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারোট জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১৪০ জন দমকলকর্মী ও জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ বড় ধরনের হতাহতের ঘটনা মোকাবিলায় জরুরি পরিকল্পনা সক্রিয় করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে যাত্রীরা বের হয়ে আসছেন। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের তিনটি বগি উল্টে গেছে।
ফ্রান্সের রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর এসএনসিএফ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে দুর্ঘটনা এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।