তরুণদের দ্রুত শারীরিক বয়স বৃদ্ধিই কি ক্যানসারের মূল কারণ?

September 14, 2026

যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে যে, তরুণদের শরীরের দ্রুত জৈবিক পরিবর্তন বা শারীরিক বয়স বৃদ্ধি পাওয়া ক্যানসার ঝুঁকির অন্যতম বড় কারণ। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষক ও আণবিক মহামারী বিশেষজ্ঞ ইইন কাও জানান, আধুনিক জীবনধারা এবং পারিপার্শ্বিক প্রভাব মানুষের শরীরে যেভাবে জৈবিক পরিবর্তন আনে, তা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

গবেষণার তথ্য অনুযায়ী, ৫৫ বছরের নিচে যারা ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে এই জৈবিক বার্ধক্যের সম্পর্ক স্পষ্ট। শারীরিক বয়স বলতে শরীরের কোষ, অঙ্গপ্রত্যঙ্গ এবং বিপাকীয় ব্যবস্থার কার্যক্ষমতার বয়সের পরিমাপকে বোঝানো হয়। গবেষণায় দেখা গেছে, আগের প্রজন্মের তুলনায় বর্তমান প্রজন্মের মানুষের শারীরিক বয়স তাদের প্রকৃত বয়সের তুলনায় অনেক বেশি।

গবেষক দলটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৬৪ হাজার মানুষের ওপর তথ্য বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, যারা জৈবিকভাবে বেশি বয়স্ক, তাদের ফুসফুস, পরিপাকতন্ত্র, জরায়ু এবং কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ফ্যাটি টিস্যুর দ্রুত বয়স বেড়ে যাওয়া নির্দিষ্ট ধরনের ক্যানসারের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

ইইন কাও বলেন, শরীরের এই জৈবিক পরিবর্তনগুলো আগেভাগে শনাক্ত করা গেলে ক্যানসার প্রতিরোধে ব্যক্তিগত পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। ক্যানসার কেন কম বয়সে বাড়ছে, তার সঠিক কারণ অনুসন্ধানে এখন সারা বিশ্বের গবেষকরা কাজ করছেন। তাদের মূল লক্ষ্য হলো, শরীর যখন শারীরবৃত্তীয়ভাবে দ্রুত বুড়িয়ে যেতে শুরু করে, তখনই যেন সেটিকে চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।

Leave a Comment