যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় প্রজন্মের রোডস্টার গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের তারিখ নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের তথ্যানুযায়ী, দীর্ঘ এক দশকের অপেক্ষা শেষে আগামী ১০ অক্টোবর এই অল-ইলেকট্রিক হাইপারকারটি সবার সামনে আনা হবে। বারবার তারিখ পরিবর্তনের অতীত রেকর্ড থাকলেও এবার কোম্পানিটি নির্দিষ্ট তারিখে গাড়িটি প্রকাশের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
২০১৭ সালে প্রথমবারের মতো এই গাড়ির প্রোটোটাইপ উন্মোচিত হয়েছিল। সেই সময় টেসলার দাবি ছিল, এই ইলেকট্রিক স্পোর্টস গাড়িটি মাত্র দুই সেকেন্ডেরও কম সময়ে ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে সক্ষম হবে। এছাড়া গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ মাইলের বেশি এবং একবার চার্জে এটি ৬০০ মাইলের বেশি পথ পাড়ি দিতে পারবে।
গাড়িটির নতুন মডেলে বিশেষ উড়ন্ত সক্ষমতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেসলার ওয়েবসাইটে দেওয়া কাউন্টডাউন এবং স্পেসএক্স মডেলের সম্ভাব্য কোল্ড-গ্যাস থ্রাস্টারের ইঙ্গিত থেকেই এই প্রযুক্তির বিষয়টি সামনে এসেছে। যদিও এই সক্ষমতা কতটা বাস্তবে কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে যখন গাড়িটি প্রথম প্রদর্শিত হয়, তখন বেস মডেলের দাম ধরা হয়েছিল দুই লাখ ডলার এবং ফাউন্ডারস এডিশনের দাম ছিল আড়াই লাখ ডলার। দীর্ঘ সময় ধরে গাড়িটি বাজারে না আসায় ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এবং ইউটিউবার মার্কাস ব্রাউনলি-সহ অনেক গ্রাহকই তাদের প্রি-অর্ডার বাতিল করেছেন।