যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন ল্যাপটপ সিরিজ ‘গুগলবুক’-এর প্রি-অর্ডার শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর সকাল ৯টা (ইটি) থেকে। নতুন এই ল্যাপটপগুলো মূলত অ্যান্ড্রয়েড ভিত্তিক ক্রোম অপারেটিং সিস্টেমে চলবে, যা উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাপটপের বাজারে গুগলের নতুন সংযোজন।
গুগল সূত্রে জানা গেছে, এসার, আসুস, ডেল, এইচপি এবং লেনোভোর মতো জনপ্রিয় কোম্পানিগুলো এই নতুন সিরিজের ল্যাপটপ বাজারে আনছে। এই ডিভাইসগুলোর মূল চালিকাশক্তি হিসেবে থাকছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেমিনি ইন্টেলিজেন্স।
নতুন এই ল্যাপটপগুলোতে ‘ম্যাজিক পয়েন্টার’ নামে একটি বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারী কার্সার নাড়ালেই এটি সক্রিয় হয় এবং স্ক্রিনে থাকা যেকোনো বিষয়ের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়।
এছাড়াও ব্যবহারকারীরা এই ল্যাপটপে কাস্টম উইজেট তৈরি করতে পারবেন। ল্যাপটপের ঢাকনায় ‘গ্লোবার’ নামক একটি বিশেষ আলোকসজ্জা থাকবে এবং অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে এই ল্যাপটপগুলোর গভীর সমন্বয় বা ইন্টিগ্রেশন সুবিধা পাওয়া যাবে।