ফ্লোরিডার ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ ডিটেনশন সেন্টারে খাঁচায় বন্দি ছিলেন অভিবাসীরা

September 14, 2026

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ নামের ডিটেনশন সেন্টারে অভিবাসীদের ছোট ছোট ধাতব খাঁচায় আটকে রাখা হতো বলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ইন্সপেক্টর জেনারেল (ওআইজি) এই প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে বলা হয় ১৮ বর্গফুটের খাঁচায় দীর্ঘসময় বন্দি রাখাটা ডিটেনশন সেন্টারগুলোর মধ্যে নজিরবিহীন ও ঝুঁকিপূর্ণ।

তদন্তকারী দল জানিয়েছে, এই কেন্দ্রটিতে স্বাস্থ্যবিধি, চিকিৎসা সেবা, খাদ্য এবং নিরাপত্তার মান বজায় রাখা হতো না। গত জানুয়ারিতে ওআইজি কেন্দ্রটিতে হঠাৎ পরিদর্শনে গিয়ে এসব অনিয়মের প্রমাণ পায়। বর্তমানে কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ৭৯ জন অভিবাসীকে এই খাঁচায় রাখা হয়েছিল। কর্মকর্তাদের দাবি, ডি-এসক্যালেশন বা শান্ত করার প্রয়োজনে তাদের সেখানে রাখা হতো। তবে অন্তত একবার শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাউকে সেখানে শাস্তি হিসেবেও আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে ওআইজি।

বন্দিদের ভাষ্যমতে, সেখানে তাদের প্রয়োজনীয় ওষুধ ও নিয়মিত গোসলের সুযোগ দেওয়া হতো না। গোসলের জন্য ব্যবহৃত স্থানগুলোতে কীটপতঙ্গের উপদ্রব ছিল এবং সপ্তাহে মাত্র তিনবার গোসলের অনুমতি মিলত। এছাড়া সুপেয় পানির সংকট ও খাবার পাত্র পরিষ্কারের সুযোগ না থাকার অভিযোগও করেছেন তারা।

এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, কেন্দ্রটির দৈনন্দিন পরিচালনার দায়িত্বে ছিল ফ্লোরিডা অঙ্গরাজ্য। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নির্বাহী আদেশে ইভারগ্লেডস জলাভূমিতে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়। যদিও এটি অস্থায়ী ছিল, তবে পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা শুরু থেকেই এর কঠোর সমালোচনা করে আসছিলেন।

Leave a Comment