যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটা ডিসপ্লে গ্লাস ব্যবহারকারীদের গাড়ি চালানোর সময় নিরাপত্তা নিশ্চিত করতে অডিও অনলি মোড বা শুধুমাত্র অডিও মোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মোড সক্রিয় করলে গ্লাসের ডিসপ্লে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা চালককে বিভ্রান্তি থেকে মুক্ত রাখে। স্মার্ট গ্লাসের মাধ্যমে ফোন কল বা ভয়েস কমান্ডের সুবিধা বজায় থাকলেও গাড়ি চালানোর সময় কোনো ধরনের ভিজ্যুয়াল তথ্য চোখের সামনে আসবে না।
ড্রাইভিং ডিটেকশন সেটআপ
প্রতিবার গাড়ি চালানোর সময় ম্যানুয়ালি মোড পরিবর্তন করতে না চাইলে মেটা এআই অ্যাপে থাকা ড্রাইভ ডিটেকশন ফিচারটি ব্যবহার করা যায়। অ্যাপের সেটিংসে গিয়ে ডিভাইসের অপশন থেকে অডিও অনলি এবং ড্রাইভ ডিটেকশন সক্রিয় করলে গ্লাসটি অভ্যন্তরীণ সেন্সরের মাধ্যমে বুঝতে পারবে যে ব্যবহারকারী গাড়িতে আছেন। গাড়ি চলন্ত অবস্থায় থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে বন্ধ করে দেবে। গাড়ি থেকে নামার পর ডিসপ্লে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়া ভয়েস কমান্ডের মাধ্যমেও ব্যবহারকারীরা চাইলে এই মোড চালু বা বন্ধ করতে পারেন।
ন্যাভিগেশনের সীমাবদ্ধতা
মেটা স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের এই ডিসপ্লে গ্লাস গাড়ি চালানোর দিকনির্দেশনা বা ন্যাভিগেশনের জন্য তৈরি করা হয়নি। গ্লাসটি বর্তমানে কেবল পথচারীদের চলাচলের জন্য দিকনির্দেশনা দিতে সক্ষম। এতে হাইওয়ে ট্রাফিক আপডেট বা জটিল ম্যাপিং নেই, তাই গাড়ি চালানোর জন্য স্মার্টফোনের জিপিএস বা গাড়ির নিজস্ব নেভিগেশন সিস্টেম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অডিও অনলি মোড ব্যবহার করলে চালকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি গ্লাসের ব্যাটারি সাশ্রয় হবে।