যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে শহরে প্যারেড শুরুর আগে একটি ঘোড়া পালিয়ে যাওয়ার পর পুলিশ মোটরসাইকেল নিয়ে সেটিকে ধাওয়া করে উদ্ধার করেছে। ১৩ সেপ্টেম্বর ঘটা এই ঘটনাটি সম্পর্কে সান্তা ফে পুলিশ বিভাগ ফেসবুক পোস্টে বিস্তারিত তথ্য জানিয়েছে। প্যারেড শুরুর ঠিক আগে ঘোড়াটি কোনোভাবে পালিয়ে যায় এবং রাস্তায় দৌড়াতে শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা মোটরসাইকেলে করে ঘোড়াটির পিছু নেন এবং সেটিকে কোণঠাসা করেন। পরে লাসো বা দড়ির ফাঁস নিয়ে একজন কাউবয় ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনেন।
সান্তা ফে পুলিশ বিভাগ জানিয়েছে, ঘোড়াটি এই ঘটনায় কোনো আঘাত পায়নি। উদ্ধারের পর সেটিকে পর্যাপ্ত পানি পান করানো হয়। এরপর ঘোড়াটিকে নিরাপদে ‘দেসফিলে দে লা জেন্তে’ প্যারেডের শুরুতে ফিরিয়ে নেওয়া হয়।