৫০ থেকে ৭৫ বছর বয়সে মস্তিষ্কে বড় ধরনের পরিবর্তনের সন্ধান

September 16, 2026

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জিনোম সেন্টারের বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের গঠন ও জিনোম নিয়ন্ত্রণে মধ্যবয়সে ঘটা একটি বড় ধরনের পরিবর্তনের তথ্য উদঘাটন করেছেন। সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, ৫০ থেকে ৭৫ বছর বয়সের মধ্যে মস্তিষ্কে ব্যাপক জৈবিক রূপান্তর ঘটে, যা আলঝেইমারসহ স্নায়বিক অবক্ষয়জনিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

গবেষক দলের প্রধান এবং নিউইয়র্ক জিনোম সেন্টারের সিইও ড. বিং রেন জানান, এই বয়সের মধ্যে মস্তিষ্কের নিজস্ব রোগ প্রতিরোধকারী কোষ বা মাইক্রোগ্লিয়া উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে। এর পরিবর্তে রক্তে থাকা রোগ প্রতিরোধকারী কোষের মতো বৈশিষ্ট্যসম্পন্ন কোষ মস্তিষ্কে জায়গা করে নেয়। এই নতুন কোষগুলো প্রদাহজনক বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের রক্ত-মস্তিষ্ক বাধা (blood-brain barrier) রক্ষাকারী কোষগুলোর কার্যকারিতাও এই বয়সে দুর্বল হয়ে পড়ে। এই সুরক্ষা স্তরটি রক্তপ্রবাহ থেকে ক্ষতিকারক উপাদানগুলোকে মস্তিষ্কে প্রবেশে বাধা দেয়। এই ব্যবস্থার অবনতির ফলে মস্তিষ্কে বিষাক্ত পদার্থ জমে প্রদাহ ও স্নায়বিক সমস্যার সৃষ্টি হতে পারে।

মস্তিষ্কের কোষগুলোতে জিনের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পাশাপাশি জিনোমের ত্রিমাত্রিক গঠনেরও অবনতি লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াংমিন শু বলেন, মানুষের মস্তিষ্কের বার্ধক্য কোনো সাধারণ ক্ষয় নয়, বরং এটি রোগ প্রতিরোধ ব্যবস্থা, রক্তনালী এবং স্নায়বিক কাঠামোর সমন্বিত ও গতিশীল এক পুনর্গঠন প্রক্রিয়া। এই নতুন তথ্য ভবিষ্যতে মস্তিষ্ক রক্ষায় নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে সহায়তা করবে বলে গবেষকরা আশা প্রকাশ করেছেন।

Leave a Comment