যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির ক্রমবর্ধমান হামের বিস্তার এবং এতে মৃত্যুর ঘটনায় ট্রাম্প প্রশাসনের টিকানীতির তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি। ক্যাপিটল হিলে আয়োজিত এক শুনানিতে তিনি এ সমালোচনা করেন। সিনেটর বিল ক্যাসিডি পেশায় একজন চিকিৎসক এবং তিনি সিনেট স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক আদর্শের চেয়ে বিজ্ঞানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্র গত ৩৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখে পড়েছে। এই প্রাদুর্ভাবে ইতোমধ্যে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং চতুর্থ আরেকটি মৃত্যুর ঘটনা পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকা নিয়ে ক্রমবর্ধমান সংশয় এবং ভুল ধারণার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
শুনানিতে ক্যাসিডি ট্রাম্প প্রশাসনের নতুন সার্জন জেনারেল মনোনীত প্রার্থী ডা. নিকোল স্যাফিয়ারকে টিকার সুরক্ষা নিয়ে প্রশ্ন করেন। স্যাফিয়ার নিশ্চিত করেন যে, এমএমআর (হাম-মাম্পস-রুবেলা) টিকা অটিজমের কারণ হয় এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই এবং এটি হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তবে ক্যাসিডি তার আগের মন্তব্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় টিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। বর্তমানে সিনেট স্বাস্থ্য কমিটি সার্জন জেনারেলসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত প্রার্থীদের যোগ্যতা যাচাই করছে।