যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদনে গুগল ওয়ালেট ব্যবহারে সাধারণ কিছু সমস্যার কারণ ও সেগুলো সমাধানের উপায় তুলে ধরা হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীরা দৈনন্দিন কেনাকাটায় ফিজিক্যাল ওয়ালেটের বদলে এখন গুগল ওয়ালেটের ওপর নির্ভর করছেন, তবে অনেক সময় পেমেন্ট বা ডিজিটাল আইডি যুক্ত করার ক্ষেত্রে ব্যবহারকারীরা বাধার সম্মুখীন হন।
কন্ট্যাক্টলেস পেমেন্টের সমস্যা
অনেক সময় স্টোরে কন্ট্যাক্টলেস পেমেন্ট টার্মিনালে ফোন ধরলে তা কাজ করে না। এই সমস্যার সমাধানে প্রথমেই নিশ্চিত করতে হবে ফোনের এনএফসি (NFC) ফিচার চালু আছে কি না। ফোনের সেটিংসে গিয়ে এনএফসি অপশনটি সক্রিয় করতে হবে। এছাড়া ফোনের কভার বা কেস মোটা হলে তা পেমেন্ট সিগন্যালে বাধা তৈরি করতে পারে, সেক্ষেত্রে কেস খুলে চেষ্টা করা ভালো। পেমেন্ট করার সময় ফোনটি দ্রুত না সরিয়ে রিডারের সামনে কিছুক্ষণ স্থির রাখতে হবে। পেমেন্ট সেটআপ মেনুতে গিয়ে কার্ডের স্থিতি যাচাই করে কোনো অসম্পূর্ণ তথ্য থাকলে তা ঠিক করে নিতে হবে।
ব্যাংক কার্ড যুক্ত করার জটিলতা
গুগল ওয়ালেটে ব্যাংক কার্ড যুক্ত করতে সমস্যা হলে প্রথমেই ব্যাংক বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। সব ব্যাংক গুগল ওয়ালেট সমর্থন করে না, আবার অনেক ক্ষেত্রে কার্ডটি ব্যবহারের আগে ব্যাংকের পক্ষ থেকে বিশেষ যাচাইকরণ বা ভেরিফিকেশনের প্রয়োজন হয়। ব্যাংকের নিজস্ব অ্যাপ থেকে সরাসরি ওয়ালেটে কার্ড যুক্ত করার অপশন আছে কি না তা যাচাই করা যেতে পারে। এছাড়া টেক্সট মেসেজের মাধ্যমে আসা ভেরিফিকেশন কোড সঠিকভাবে ইনপুট দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
সুরক্ষা সংক্রান্ত সীমাবদ্ধতা
গুগল ওয়ালেট ব্যবহারের জন্য ফোনের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুগল প্লে প্রটেক্ট সার্টিফিকেশন না থাকলে গুগল ওয়ালেটে লেনদেন করা সম্ভব হয় না। সেটিংস থেকে এই সার্টিফিকেশন স্ট্যাটাস দেখা যায়। এছাড়া ফোনে অবশ্যই স্ক্রিন লক (পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড) চালু থাকতে হবে। যারা ফোনে কাস্টম অ্যান্ড্রয়েড রম ব্যবহার করেন বা বুটলোডার আনলক করেছেন, তাদের ক্ষেত্রেও সুরক্ষার কারণে পেমেন্ট সুবিধা কাজ নাও করতে পারে।
ডিজিটাল আইডি যোগ করা
ডিজিটাল আইডি কার্ড যুক্ত করার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। এর জন্য অ্যান্ড্রয়েড ৯ বা তার পরবর্তী সংস্করণ এবং এনএফসি সুবিধা থাকা আবশ্যক। আইডি কার্ডের চিপ স্ক্যান করার সময় পাসপোর্টের ওপর ফোনটি স্থিরভাবে রাখতে হবে এবং ফোনের কেস খুলে নিতে হবে। মনে রাখতে হবে, একটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থেকেই এই সুবিধা পাওয়া সম্ভব; ব্যবসায়িক অ্যাকাউন্টে এটি কাজ করবে না। এছাড়া ডিজিটাল আইডি শুধুমাত্র একটি ডিভাইসেই সক্রিয় রাখা যায়।