খাদ্যে ব্যবহৃত ৮টি সাধারণ প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি

September 20, 2026

ফ্রান্সের প্যারিসে প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহৃত সাধারণ কিছু প্রিজারভেটিভের সঙ্গে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকির যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকরা। ইউরোপীয় সোসাইটি অব কার্ডিওলজির প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্যারিসের ইউনিভার্সিটি সোরবোন নর্থ এবং ইউনিভার্সিটি প্যারিস সিটের পুষ্টি বিষয়ক এপিডেমিওলজি গবেষণা দলের পরিচালক ড. মাথিল্ডে টাউভিয়ার ও গবেষক আনাইস হাসেনবোহলারের নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়।

গবেষণার অংশ হিসেবে ফ্রান্সের ১ লাখ ১২ হাজার ৩৯৫ জন অংশগ্রহণকারীর খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করা হয়। অংশগ্রহণকারীরা প্রতি ছয় মাস অন্তর তিন দিনে কী কী খেয়েছেন তার বিস্তারিত তথ্য প্রদান করেন। দীর্ঘ সাত থেকে আট বছর ধরে তাদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করে গবেষকরা দেখেছেন, খাদ্যে থাকা প্রিজারভেটিভগুলো শরীরের রক্তচাপ এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

গবেষণায় দেখা গেছে, ৯৯.৫ শতাংশ অংশগ্রহণকারী নিয়মিত কোনো না কোনো প্রিজারভেটিভযুক্ত খাবার গ্রহণ করেন। যারা বেশি পরিমাণে নন-অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভ খেয়েছেন, তাদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি ২৯ শতাংশ এবং হৃদরোগের ঝুঁকি ১৬ শতাংশ বেশি। অন্যদিকে, যারা অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভ বেশি গ্রহণ করেছেন, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি ২২ শতাংশ বেশি ছিল।

গবেষণায় চিহ্নিত আটটি প্রিজারভেটিভ হলো পটাশিয়াম সরবেট (E202), পটাশিয়াম মেটাবিসালফাইট (E224), সোডিয়াম নাইট্রাইট (E250), অ্যাসকরবিক অ্যাসিড (E300), সোডিয়াম অ্যাসকরবেট (E301), সোডিয়াম এরিথরবেট (E316), সাইট্রিক অ্যাসিড (E330) এবং রোজমেরি নির্যাস (E392)। এর মধ্যে অ্যাসকরবিক অ্যাসিড সরাসরি হৃদরোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বলে জানানো হয়েছে।

গবেষকরা জানান, খাবারে ব্যাকটেরিয়া ও মোল্ডের বংশবৃদ্ধি রোধ করতে এবং খাবারের সতেজতা বজায় রাখতে এসব প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের প্রভাবে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হতে পারে, যা হৃদরোগের কারণ হতে পারে। গবেষকদের মতে, জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর এসব খাদ্যের ঝুঁকির বিষয়টি পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন। আপাতত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে প্রাকৃতিক বা কম প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Leave a Comment