পুরানো ক্যাসেট টেপ কতদিন টিকবে, কীভাবে যত্ন নেবেন?

September 20, 2026

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, আশির দশকের জনপ্রিয় মিউজিক ফরম্যাট ক্যাসেট টেপ সাধারণত আদর্শ পরিবেশে ৩০ বছর পর্যন্ত ভালো থাকে। তবে সঠিক রক্ষণাবেক্ষণ না করলে এর স্থায়িত্ব মাত্র পাঁচ বছরে নেমে আসতে পারে। মূলত ক্যাসেটের ভেতরের চৌম্বকীয় ফিতার আস্তরণ বা বাইন্ডার সময়ের সঙ্গে সঙ্গে লুব্রিকেশন হারিয়ে ফেললে তা নষ্ট হয়ে যায়।

ক্যাসেট টেপ মূলত দুটি রিলের মাঝে থাকা চৌম্বকীয় ফিতার মাধ্যমে কাজ করে। এই ফিতা প্লেয়ারের হেডের সংস্পর্শে এলে শব্দ উৎপন্ন হয়। দীর্ঘ সময় এগুলো অক্ষত রাখতে তাপমাত্রা ও আর্দ্রতার নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। আদর্শ সংরক্ষণের জন্য ৫৯ থেকে ৭৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং ২৫ থেকে ৫৫ শতাংশ আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন।

সুরক্ষায় করণীয়
ক্যাসেট টেপ ভালো রাখতে সেগুলোকে সরাসরি সূর্যের আলো, আর্দ্রতা, ধুলাবালি এবং শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র থেকে দূরে রাখতে হবে। অ্যাটিক বা চিলেকোঠায় রাখলে কার্ডবোর্ডের বাক্সের বদলে প্লাস্টিকের পাত্র ব্যবহার করা ভালো। নিয়মিত বিরতিতে এগুলো চালানো উচিত, কারণ দীর্ঘ সময় ব্যবহার না করলে ফিতার আস্তরণ আঠালো হয়ে যেতে পারে। এছাড়া ব্যবহারের পর ফিতা রিওয়াইন্ড করে রাখা ফিতার ওপর চাপ কমায়।

স্মৃতি ধরে রাখা
অনেকেই শখের বশে রেডিও থেকে রেকর্ড করা বা বিশেষ মুহূর্তের মিউজিক মিক্স করা ক্যাসেট সংগ্রহে রাখেন। বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন অডাসিটি ব্যবহার করে ক্যাসেটের গান বা রেকর্ডগুলো ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে মূল টেপ নষ্ট হয়ে গেলেও স্মৃতিগুলো সংরক্ষিত থাকবে। বর্তমানে বাজারে ক্যাসেট প্লেয়ার বা ওয়াল্কম্যানের নতুন সংস্করণ পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে পুরনো সেই নস্টালজিয়া আবারও নতুন করে উপভোগ করা সম্ভব।

Leave a Comment