ফিলিস্তিনি শিশু ওয়াফা আকিলার স্মরণে এনএফএল তারকা আজিজ আল-শাইর

September 21, 2026

যুক্তরাষ্ট্রের হিউস্টনে এনএফএল ম্যাচে ফিলিস্তিনি শিশু ওয়াফা আকিলার নাম আই ব্ল্যাকে লিখে সংহতি প্রকাশ করেছেন হিউস্টন টেক্সান্সের লাইনব্যাকার আজিজ আল-শাইর। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত শিশুদের দুর্দশার বিষয়ে সচেতনতা বাড়াতে জরিমানা সত্ত্বেও তিনি এই অবস্থান বজায় রেখেছেন।

গত ২০ সেপ্টেম্বর সিনসিনাটি বেঙ্গালসের বিপক্ষে হিউস্টন টেক্সান্সের হয়ে খেলার সময় আল-শাইর তার চোখের নিচে কালো টেপে আট বছর বয়সী ওয়াফা আকিলার নাম লিখে মাঠে নামেন। এর আগে হিন্দু রাজাব নামক আরেক ফিলিস্তিনি শিশুর নাম লেখার কারণে এনএফএল কর্তৃপক্ষ তাকে ১১ হাজার ৯৪১ ডলার জরিমানা করেছিল। লিগের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়। তবে বাস্কেটবল তারকা কাইরি আরভিং আল-শাইরের সেই জরিমানা পরিশোধের প্রস্তাব দিয়েছিলেন।

জরিমানা প্রসঙ্গে আল-শাইর সংবাদমাধ্যমকে বলেন, ১১ হাজার ডলারের চেয়ে একটি জীবনের মূল্য অনেক বেশি। তার ভাষায়, একটি জীবনের দাম কি ১১ হাজার ডলার? না, আমার মতে এটি অমূল্য।

গত ৬ সেপ্টেম্বর গাজায় নিজের প্রথম স্কুল দিনে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয় ওয়াফা আকিলা। এ সময় তার বাবাও নিহত হন। তার গাড়িটি পুড়ে ছাই হয়ে গেলেও স্কুল বইয়ের কিছু পৃষ্ঠা অক্ষত পাওয়া গিয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ২১ হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই মুসলিম খেলোয়াড় দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে আসছেন। এর আগেও তিনি চোখের টেপে ‘স্টপ দ্য জেনোসাইড’ লিখে জরিমানা গুনেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশিষ্ট মার্কিন মুসলিম স্কলার ওমর সুলেমান তার এই সাহসিকতার প্রশংসা করে বলেছেন, এনএফএল ক্যারিয়ারের প্রতি সপ্তাহে ফিলিস্তিনি শিশুদের সম্মান জানিয়ে আল-শাইর দৃষ্টান্ত স্থাপন করছেন।

Leave a Comment