যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল ইনকরপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইফোন বা অ্যাপল ডিভাইস ছাড়াও অ্যান্ড্রয়েড ফোন ও উইন্ডোজ পিসি ব্যবহারকারীরা ফেসটাইম কলে যুক্ত হতে পারবেন। অ্যাপল ইকোসিস্টেমের বাইরে ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আইফোন ব্যবহারকারী বন্ধুদের সাথে ভিডিও কলে যুক্ত হওয়া আগের চেয়ে সহজ হয়েছে।
তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ব্যবহারকারীরা সরাসরি ফেসটাইম কল শুরু করতে পারেন না। কল শুরু করার জন্য অবশ্যই একজন আইফোন, আইপ্যাড বা ম্যাক ব্যবহারকারীর কাছ থেকে একটি লিংক পেতে হবে। ওই লিংকে ক্লিক করে নাম এন্ট্রি করলেই ব্রাউজারের মাধ্যমে ফেসটাইম কলে অংশ নেওয়া সম্ভব।
এই প্রক্রিয়ায় কলের জন্য কোনো অ্যাপল অ্যাকাউন্টের প্রয়োজন নেই। ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে ক্রোম বা এজ-এর সর্বশেষ সংস্করণ এবং শক্তিশালী ইন্টারনেট সংযোগ থাকা জরুরি। কল চলাকালীন ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি প্রদান সাপেক্ষে ব্যবহারকারীরা ভিডিও ও অডিও কলে অংশ নিতে পারবেন। তবে ফেসটাইম অ্যাপের সব ফিচার এখানে পাওয়া যাবে না। যেমন, অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ব্যবহারকারীরা স্ক্রিন শেয়ারিং বা শেয়ার-প্লে সুবিধা ব্যবহার করতে পারবেন না।
আইফোন ব্যবহারকারীরা ফেসটাইম অ্যাপ থেকে ‘নিউ কল’ অপশনে গিয়ে ‘ক্রিয়েট লিংক’ বাটন চেপে সহজেই অন্যদের আমন্ত্রণ জানাতে পারেন। মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই লিংক পাঠিয়ে অন্যদের কলে যুক্ত করা যায়। অ্যাপল জানিয়েছে, যদিও হোয়াটসঅ্যাপ বা জুমের মতো মাল্টি-প্ল্যাটফর্ম অ্যাপে অভিজ্ঞতা বেশি ভালো হয়, তবুও যদি ফেসটাইমই একমাত্র মাধ্যম হয়, তবে এই ব্রাউজার-ভিত্তিক পদ্ধতিটি ব্যবহারকারীদের জন্য একটি কার্যকর সমাধান।