যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির অদূরে পোটোম্যাক নদীর তীরে প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চটি একটি পূর্ণাঙ্গ সামরিক কমপ্লেক্সে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার খাতিরে এবং মার্কিন সেনাবাহিনীর জোরালো অনুরোধের প্রেক্ষিতে তিনি মূল নকশায় এই পরিবর্তন আনছেন।
ট্রাম্পের ভাষ্যমতে, ২৫০ ফুট উঁচু এই স্থাপনাটি কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং এটি সামরিক সরঞ্জাম সংরক্ষণের কেন্দ্র হিসেবে কাজ করবে। এর ছাদ ও প্লাজা এলাকায় ড্রোন এবং স্নাইপার মোতায়েনের বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়া সেখানে বিপুল পরিমাণ স্নাইপার অ্যামুনিশন বা গুলি মজুদ রাখার সুবিধাও রাখা হবে।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, বিশ্বের শীর্ষ ৫৯টি শহর ও রাজধানীর মধ্যে ওয়াশিংটন ডিসিই একমাত্র শহর যেখানে কোনো ট্রায়াম্ফাল আর্চ নেই। তার দাবি, এমন স্থাপনা বিশ্বের আর কোথাও নেই। তবে এই নির্মাণের সময়সীমা বা প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
প্রস্তাবিত এই আর্চটি আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির কাছে নির্মিত হওয়ার কথা রয়েছে। এর নকশায় গোল্ডেন লেডি লিবার্টির মূর্তি এবং ‘ওয়ান নেশন আন্ডার গড’ ও ‘লিবার্টি অ্যান্ড জাস্টিস ফর অল’-এর মতো খোদাই করা লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে। আকার অনুযায়ী এটি লিঙ্কন মেমোরিয়ালের চেয়ে অনেক বড় এবং ওয়াশিংটন মনুমেন্টের অর্ধেক উচ্চতাবিশিষ্ট হবে।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সংস্কার, বলরুম নির্মাণ এবং ওভাল অফিসের নতুন সাজসজ্জাসহ নানা নির্মাণ প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। এসবের মধ্যে ট্রায়াম্ফাল আর্চটি অন্যতম বড় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।