নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব ডার্টস ফাইনালে ওয়েলসের গেরউইন প্রাইসকে ১১-৫ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছেন ইংল্যান্ডের রস স্মিথ। এই জয় ৩৭ বছর বয়সী স্মিথের ক্যারিয়ারের দ্বিতীয় বড় শিরোপা, যার মাধ্যমে তিনি টুর্নামেন্ট জুড়ে চলা অঘটন আর নাটকীয়তার সফল সমাপ্তি টানলেন।
ম্যাচের শুরুতে লড়াই সমানে সমান থাকলেও শেষ ছয় লেগ একচেটিয়াভাবে জিতে নেন স্মিথ। ম্যাচে মোট ১১ বার ১৮০ স্কোর (ম্যাক্সিমাম) করেন তিনি, যেখানে প্রাইসের সংগ্রহ ছিল পাঁচটি। স্মিথ এর আগে ২০২২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এবারের জয়ে তিনি পুরস্কার হিসেবে জিতেছেন ১ লাখ পাউন্ড।
ফাইনাল জয়ের পর রস স্মিথ বলেন, গেরউইন প্রাইস বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার বিপক্ষে জিততে হলে নিজের সেরাটা দিতেই হতো। এই জয় নিয়ে আমি অত্যন্ত আনন্দিত।
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ১০-৪ ব্যবধানে জনি ক্লেটনের কাছে হেরে বিদায় নেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লুক লিটলার। এর ফলে ২০২৬ সালে সব বড় পিডিসি শিরোপা জয়ের লক্ষ্য পূরণ হলো না তার। এর আগে শেষ ১৬-এর ম্যাচে দর্শকদের দুয়োধ্বনি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন লিটলার।
স্মিথ সেমিফাইনালে ডাচ খেলোয়াড় জিয়ান ভ্যান ভিনকে ১১-৮ ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। অন্যদিকে, প্রাইস সেমিফাইনালে হারিয়েছিলেন জনি ক্লেটনকে। ফাইনালে ৫-৫ সমতা আসার পর স্মিথ তার ধারাবাহিকতা বজায় রেখে জয় নিশ্চিত করেন।