থাইল্যান্ডের পাতানিতে পিচ রোলারের নিচে চাপা পড়ার মুহূর্তটিকে ‘ভীতিকর’ বলে বর্ণনা করেছেন সাবেক ইংল্যান্ড উইঙ্গার অ্যান্ড্রস টাউনসেন্ড। পিটি প্রাচুয়াপ ক্লাবের হয়ে খেলার সময় শনিবার এক ম্যাচের আগে ওয়ার্মআপ করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি সম্পর্কে পিয়ার্স মরগানের ফুটবল আনসেন্সর্ড অনুষ্ঠানে প্রথমবার মুখ খোলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
ঘটনার বিবরণ দিয়ে টাউনসেন্ড বলেন, মাঠের দুই পাশে দুটি রোলার দেখে তিনি কিছুটা অবাক হয়েছিলেন। ওয়ার্মআপ শুরু করার কিছুক্ষণ পরেই একজন কর্মী রোলারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি তার পায়ের ওপর উঠে আসে। টাউনসেন্ড জানান, রোলারটি তার বাম পায়ের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি নিশ্চিত ছিলেন যে তার গোড়ালি বা হাঁটু ভেঙে যাবে। তবে দ্রুত রোলারটি ঠেলে সরিয়ে এবং সতীর্থদের সহায়তায় তিনি নিজেকে মুক্ত করতে সক্ষম হন।
গুরুতর কোনো আঘাত ছাড়া বেঁচে যাওয়ার বিষয়টি অবিশ্বাস্য বলে মনে করছেন টাউনসেন্ড। তিনি জানান, ঘটনার সময় মাটিতে সঠিক অবস্থানে পড়ে যাওয়ার কারণে বড় ধরনের হাড় ভাঙা থেকে রক্ষা পেয়েছেন। শরীরের কিছু জায়গায় আঘাত ও কালশিটে পড়লেও তিনি সুস্থ আছেন এবং ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।
নিজের ক্যারিয়ারে বারবার ইনজুরির কবলে পড়া এই ফুটবলার জানান, এই দুর্ঘটনা তাকে ফুটবল খেলা থেকে থামাতে পারবে না। বরং ঘটনার পর পুনরায় ওয়ার্মআপ চালিয়ে যাওয়ায় সতীর্থরা অবাক হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই অভিজ্ঞতা নিয়ে হাস্যরস করতেও ছাড়েননি তিনি, যেখানে তিনি মজা করে লিখেছেন, স্টোক সিটির স্টেডিয়ামের অ্যাওয়ে ম্যাচগুলো এর চেয়ে ভালো ছিল।