পদার্থবিজ্ঞানের শতবর্ষী ধারণা বদলে দিলেন বিজ্ঞানীরা

September 3, 2026

যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হল ইফেক্ট সংক্রান্ত পদার্থবিজ্ঞানের এক শতবর্ষী ধারণা ভুল প্রমাণ করেছেন। এতদিন বিজ্ঞানীরা মনে করতেন, কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় চৌম্বক ক্ষেত্র কেবল লম্বভাবে কাজ করলেই হল ইফেক্ট তৈরি হয়। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, চৌম্বক ক্ষেত্র সমান্তরালভাবে কাজ করলেও এই প্রতিক্রিয়া পাওয়া সম্ভব। পদার্থবিজ্ঞানের এই মৌলিক নীতিটি পরিবর্তনের বিষয়টি নেচার ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত হয়েছে।

১৮৭৯ সালে এডউইন হল এই প্রভাবটি আবিষ্কার করেন। এতদিন এটিই ছিল পদার্থবিজ্ঞানের অন্যতম প্রধান ভিত্তি। সাধারণত কম্পিউটার কিবোর্ড থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশে হল ইফেক্ট সেন্সর ব্যবহৃত হয়। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গবেষক সিমরানজিৎ সিংয়ের নেতৃত্বে গবেষক দল ‘ট্যান্টালাম ইরিডিয়াম টেলুরাইড’ নামক একটি বিশেষ উপাদানে এই নতুন ধরনের হল ইফেক্ট শনাক্ত করেছেন।

গবেষকদের মতে, এই আবিষ্কারটি কেবল তাত্ত্বিক নয়, বরং ব্যবহারিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখন থেকে একটি মাত্র সেন্সর ব্যবহার করেই একাধিক দিকে চৌম্বক ক্ষেত্র পরিমাপ করা সম্ভব হবে। আগে এ ধরনের কাজের জন্য দুটি ভিন্ন সেন্সরের প্রয়োজন হতো। নতুন এই পদ্ধতি ইলেকট্রনিক্স, পরিবহন এবং মেডিকেল ইমেজিং প্রযুক্তিতে আরও উন্নত ও নমনীয় সেন্সর তৈরিতে সহায়তা করবে বলে মনে করছেন গবেষকরা।

গবেষক দলের সদস্য জ্যোতি কাটোচ জানান, পারমাণবিক স্তরে নিখুঁত কাঠামো তৈরির মাধ্যমেই তারা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে দলটি এই প্রযুক্তি কক্ষ তাপমাত্রায় কার্যকর কি না, তা যাচাই করার জন্য কাজ করছেন। ভবিষ্যতে এটি বাস্তবমুখী প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment