নাইজেরিয়ার লাগোসে দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ) একজন মেক্সিকান মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে। গত মাসে লাগোস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময় ৪০ বছর বয়সী আর্তুরো কারেরা লোআইজাকে আটক করা হয়। এই গ্রেপ্তারের মাধ্যমে নাইজেরিয়ায় মেক্সিকানদের সাথে জড়িত শিল্প পর্যায়ের তৃতীয় মেথামফেটামিন গবেষণাগারের সন্ধান পাওয়া গেছে, যা দেশটির মাদকবিরোধী অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রেপ্তারের সময় লোআইজার কাছ থেকে উদ্ধার করা ডিজিটাল ছবিতে তাকে ল্যাব কোট পরিহিত অবস্থায় মাদক তৈরির সরঞ্জামসহ দেখা গেছে। এই ছবির লোকেশন ডাটা অনুসরণ করে কর্মকর্তারা ইবোনি অঙ্গরাজ্যের একটি বাড়িতে অভিযান চালান। সেখানে বিপুল পরিমাণ রাসায়নিক ও মাদক তৈরির সরঞ্জাম পাওয়া যায়। তবে লোআইজা মাদক উৎপাদনের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, স্থানীয় এক পরিচিত ব্যক্তির আমন্ত্রণে তিনি রেস্তোরাঁ ব্যবসার উদ্দেশ্যে নাইজেরিয়ায় এসেছিলেন।
এনডিএলইএ জানায়, ইবোনি রাজ্যে উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজে লোআইজাকে নীল ল্যাব কোট পরা অবস্থায় দেখা গেছে। এছাড়া প্রতিবেশী এলাকায় আরও একটি আস্তানা থেকে রিঅ্যাকশন পট, ওয়েং স্কেল, মিক্সার ও গ্যাস বার্নারের মতো মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এনডিএলইএ চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ বুবা মারওয়া জানান, তদন্তে উঠে এসেছে যে, আন্তর্জাতিক মাদক চক্রগুলো নাইজেরিয়ার জঙ্গল ও গ্রামীণ এলাকাগুলোতে তাদের কারখানা স্থাপনের চেষ্টা করছে। এর আগে জুন মাসে ওয়ো রাজ্যের একটি জঙ্গলে এবং তার আগের মাসে অন্য একটি স্থানে একই ধরনের শিল্প পর্যায়ের গবেষণাগার শনাক্ত করা হয়েছিল। মারওয়া দৃঢ়ভাবে বলেন, নাইজেরিয়াকে কোনোভাবেই আন্তর্জাতিক মাদক কার্টেলদের স্বর্গরাজ্য হতে দেওয়া হবে না। এই চক্রের সাথে জড়িত অর্থায়নকারী ও সহযোগীদের ধরতে তদন্ত অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।