যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কর্মরত চিফ অব স্টাফ সুসি ওয়াইলস জানিয়েছেন যে তিনি এখন ক্যান্সারমুক্ত। রোগ নির্ণয়ের ঠিক ছয় মাস পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহে মায়ো ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার পর তার প্যাথলজি রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক আসে।
সুসি ওয়াইলস ৬৯ বছর বয়সী এবং ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এই দীর্ঘ ছয় মাসের চিকিৎসাকালীন সময়েও তিনি ভার্চুয়ালি হোয়াইট হাউসের নিয়মিত কার্যক্রম পরিচালনা করেছেন। রোগমুক্ত হওয়ার বার্তায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অটল সমর্থনের কথা স্মরণ করেন এবং ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট এজেন্ডা’ বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত মার্চ মাসে সুসি ওয়াইলস তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার কথা প্রথম জানিয়েছিলেন। তিনি হোয়াইট হাউসের ইতিহাসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে তিনি প্রেসিডেন্টের এজেন্ডা নির্ধারণ, নীতিনির্ধারণী সমন্বয় এবং রাজনৈতিক পরামর্শকের ভূমিকা পালন করেন।
ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে এর আগে ডিসেম্বরে ভ্যানিটি ফেয়ারে তার কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইলন মাস্ক সম্পর্কে ব্যক্তিগত মূল্যায়ন তুলে ধরেছিলেন। যদিও সুসি ওয়াইলস পরবর্তীতে দাবি করেছিলেন যে ওই প্রতিবেদনটি ঘটনার প্রেক্ষাপট এড়িয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট ট্রাম্প তার সুস্থতার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।