খাবারে পিঁপড়া পরিবেশন: সিউলের মিশেলিন তারকা রেস্তোরাঁকে জরিমানা

September 17, 2026

দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত মিশেলিন তারকা প্রাপ্ত রেস্তোরাঁ ‘এভেট’-কে খাবারে গার্নিশ হিসেবে পিঁপড়া ব্যবহারের দায়ে জরিমানা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রেস্তোরাঁটির মালিককে ১ কোটি ৫০ লাখ ওন এবং পরিচালনা প্রতিষ্ঠানকে ১ কোটি ওন জরিমানা করেছেন আদালত, যা দেশটির খাদ্য স্যানিটেশন আইন ভঙ্গের দায়ে দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় মানুষের খাওয়ার জন্য অনুমোদিত ১০টি পতঙ্গের তালিকায় পিঁপড়া অন্তর্ভুক্ত নেই। অথচ এই রেস্তোরাঁটিতে গত প্রায় চার বছর ধরে খাবারের স্বাদে ভিন্নতা আনতে শরবতের উপরে ৩ থেকে ৫টি করে পিঁপড়া ছিটিয়ে পরিবেশন করা হতো। সব মিলিয়ে প্রায় ৪৯ হাজার পিঁপড়া ব্যবহার করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

পিঁপড়াগুলোর বেশিরভাগ যুক্তরাষ্ট্র এবং কিছু থাইল্যান্ড থেকে আমদানি করা হতো। তবে পরীক্ষার সময় ওই পিঁপড়াগুলোতে সীমার চেয়ে বেশি মাত্রায় ভারী ধাতু শনাক্ত হওয়ায় আদালত বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছেন। বিচারক বলেছেন, আইন লঙ্ঘনের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকির কারণে এই অপরাধ লঘু নয়।

রেস্তোরাঁর মালিক দাবি করেছেন, তিনি জানতেন না যে দক্ষিণ কোরিয়ায় পিঁপড়া খাওয়া নিষিদ্ধ। এছাড়া তার ১৫ পদের মেনুর খুব সামান্য অংশে এটি ব্যবহার করা হতো এবং গ্রাহকদের বিকল্প ব্যবস্থাও জানানো হতো। সরকারি আইনজীবীরা মালিকের এক বছরের কারাদণ্ড চেয়েছিলেন, তবে কোনো পূর্ব অপরাধ না থাকায় আদালত তাকে জরিমানার আদেশ দিয়েই মুক্তি দিয়েছেন।

Leave a Comment