যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরের উপকণ্ঠে দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৯০ হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নেভাদার গভর্নর জো লোম্বার্দো এই পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
শনিবার সকালে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন দমকলকর্মী রয়েছেন। দাবানলটি ১৫ হাজার একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং বাতাসের কারণে এর বিস্তার দ্রুত বাড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৪২ হাজার বাসিন্দাকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ৪৫ হাজার মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
দাবানলের কারণ ও ক্ষয়ক্ষতি
স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, মানুষের কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছে। দাবানলটি রেনোর পশ্চিমে হক মিডো ট্রেইল এলাকার কাছে শুরু হয়। অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান রিচার্ড এডওয়ার্ডস জানিয়েছেন, আগুনের তীব্রতা ক্রমাগত বাড়ছে এবং এটি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। দাবানলে এখন পর্যন্ত ১৩ হাজার ৭০০টি বাড়ি হুমকির মুখে পড়েছে এবং কিছু ঘরবাড়ি ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে।
প্রশাসনের পদক্ষেপ
দাবানল মোকাবিলায় বড় আকারের এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টার থেকে পানি এবং অগ্নিনিরোধক রাসায়নিক ছিটানো হচ্ছে। নিরাপত্তার খাতিরে ওয়াশো কাউন্টির বেশিরভাগ স্কুল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।
গভর্নর জো লোম্বার্দো স্থানীয় বাসিন্দাদের সতর্ক থেকে সরকারি নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, দাবানলটি আরও অন্তত দুই দিন স্থায়ী হতে পারে এবং বাসিন্দাদের বাড়ি ফেরার বিষয়ে এখনই কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়।