স্মার্টওয়াচের আপডেট বন্ধের পথে, ব্যবহারকারীদের সতর্কবার্তা

August 24, 2026

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, ২০২৬ সালে জনপ্রিয় বেশ কিছু স্মার্টওয়াচের সফটওয়্যার সাপোর্ট বা আপডেট সেবা বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে গুগল পিক্সেল ওয়াচ ২, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ ও ৫ প্রো এবং অ্যাপলের কয়েকটি মডেল রয়েছে। প্রযুক্তিনির্মাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, আপডেট বন্ধ হলেও ঘড়িগুলো পুরোপুরি অকেজো হয়ে পড়বে না, তবে নতুন সব ফিচার ও নিরাপত্তা সহায়তা পাওয়া বন্ধ হয়ে যাবে।

প্রযুক্তি বিশেষজ্ঞ গ্যাব্রিয়েলা ভাটু জানিয়েছেন, ব্যবহারকারীদের জন্য এটি তাদের ডিভাইস পরিবর্তনের বিষয়টি ভেবে দেখার উপযুক্ত সময়। আপডেট বন্ধ হওয়া মানে ডিভাইসটি নতুন কোনো সফটওয়্যার সুবিধা পাবে না। বিশেষ করে কন্টাক্টলেস পেমেন্ট বা সংবেদনশীল স্বাস্থ্য তথ্য সংরক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা ত্রুটি রয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, কারণ নিয়মিত সিকিউরিটি প্যাচ আর পাওয়া যাবে না।

অ্যাপল তাদের ওয়াচ ওএস ২৭ আপডেটের সাথে সিরিজ ৬, সিরিজ ৭, সিরিজ ৮, প্রথম প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা এবং এসই দ্বিতীয় প্রজন্মের মডেলগুলোর সাপোর্ট বন্ধ করছে। অন্যদিকে গুগল তাদের পিক্সেল ওয়াচ ২-এর সফটওয়্যার আপডেট আগামী অক্টোবর পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। স্যামসাংয়ের ক্ষেত্রে গ্যালাক্সি ওয়াচ ৫ ও ৫ প্রো মডেলের ওয়ার ওএস আপডেট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে।

সফটওয়্যার সাপোর্ট শেষ হওয়া মানেই ঘড়িটি ব্যবহারের অযোগ্য হওয়া নয়। ধাপ গণনা বা নোটিফিকেশনের মতো সাধারণ ফিচারগুলো ঠিকঠাক কাজ করবে। তবে সাইবার নিরাপত্তার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের নিয়মিত আপডেট পাওয়া স্মার্টওয়াচ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment