যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে কনটেন্ট নির্মাতাদের অনুমতি ছাড়া তাদের ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগে টুইচ ও অ্যামাজনের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে। ওয়ারেন পান্ডিসিয়া নামে এক স্ট্রিমার এই আইনি পদক্ষেপ নিয়েছেন বলে কোর্টহাউস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, অ্যামাজনের এআই পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় ডেটাসেট হিসেবে টুইচ স্ট্রিমারদের ভিডিও অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে।
চলতি আগস্টের শুরুতে টুইচ সাপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণা দেয় যে, ব্যবহারকারীরা তাদের চ্যানেলের কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহারের সুযোগ বন্ধ করতে পারবেন। তবে এই সেটিংসটি ডিফল্টভাবে চালু রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এক লাইভ স্ট্রিমে প্রশ্নের জবাবে টুইচের প্রধান পণ্য কর্মকর্তা মাইক মিন্টন মন্তব্য করেন যে, যদি অপ্ট-ইন বা অনুমতির ব্যবস্থা রাখা হতো, তবে কেউ তাতে সম্মতি দিতেন না।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, স্ট্রিমারদের কনটেন্টকে বাণিজ্যিক এআই পণ্যের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের উপকরণ হিসেবে ব্যবহার করে টুইচ ও অ্যামাজন চুক্তি ভঙ্গ করেছে। অভিযোগকারীদের দাবি, কোম্পানিগুলো অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধা নিচ্ছে, যার ফলে স্ট্রিমাররা আর্থিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উল্লেখ্য, এআই প্রশিক্ষণের জন্য কনটেন্ট ব্যবহারের দায়ে শুধু টুইচ ও অ্যামাজনই নয়, অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও আইনি জটিলতায় পড়েছে। এর আগে চলতি বছরের শুরুতে ইউটিউবাররা অ্যাপলের বিরুদ্ধে কপিরাইটযুক্ত কনটেন্ট স্ক্র্যাপ করার অভিযোগে ক্লাস অ্যাকশন মামলা দায়ের করেছিলেন।