পেশি না কমিয়ে চর্বি ঝরানোর নতুন উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা

August 24, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলেতে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা ওবেসিটি বা স্থূলতা চিকিৎসার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যান্ডার্স ন্যার জানিয়েছেন, TOFA নামক একটি রাসায়নিক যৌগ ইঁদুরের শরীরে চর্বি পোড়ানোর হার বাড়িয়ে দেয় এবং পেশির কোনো উল্লেখযোগ্য ক্ষতি ছাড়াই ওজন কমাতে সাহায্য করে। এই আবিষ্কারটি স্থূলতা ও ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

গবেষণার ফলাফল অনুযায়ী, এই যৌগটি শরীরের কোষগুলোকে জ্বালানি হিসেবে চর্বি ব্যবহারে উৎসাহিত করে এবং একইসঙ্গে বিপাকীয় কার্যক্রম ত্বরান্বিত করে। ওজেম্পিক বা ওয়েগোভির মতো বর্তমানের জনপ্রিয় GLP-1 ওষুধগুলো মূলত ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। কিন্তু এই ওষুধগুলোর কারণে অনেক সময় শরীরের পেশি কমে যাওয়া বা পুষ্টিহীনতার ঝুঁকি তৈরি হয়। নতুন এই পদ্ধতিটি পেশি না কমিয়ে শরীরে বাড়তি শক্তির ব্যবহার বাড়িয়ে চর্বি কমাতে সক্ষম।

পরীক্ষাগারে দেখা গেছে, TOFA প্রয়োগের ফলে ইঁদুরের শরীরে ১৮ শতাংশ পর্যন্ত শক্তি ব্যয় বেড়েছে। এছাড়া এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ট্রাইগ্লিসারাইড কমানো এবং ফ্যাটি লিভারের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রেখেছে। গবেষকরা দাবি করছেন, বর্তমানে প্রচলিত ওজন কমানোর ওষুধের সাথে এই যৌগটি যোগ করলে আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব।

অধ্যাপক ন্যার বলেন, ওজেম্পিক বা এই জাতীয় ওষুধগুলো মূলত ক্যালরি গ্রহণ কমানোর মাধ্যমে কাজ করে, কিন্তু তাদের উদ্ভাবিত পদ্ধতিটি শরীরের শক্তি ব্যয়ের প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে। তাই এটি বর্তমান চিকিৎসার পরিপূরক হিসেবে কাজ করতে পারে।

যদিও গবেষণার ফলাফলগুলো ইঁদুরের ওপর পরীক্ষায় বেশ আশাব্যঞ্জক, তবে মানুষের শরীরে এর সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে আরও বিস্তারিত ক্লিনিক্যাল পরীক্ষার প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যে গবেষকরা ‘রি-আরএক্স থেরাপিউটিকস’ নামে একটি কোম্পানি গঠন করেছেন, যা ভবিষ্যতে এই গবেষণাকে চিকিৎসা সেবায় রূপান্তরের কাজ করবে।

Leave a Comment