যুক্তরাষ্ট্রের ডালাসে ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল করা ফুটবলটি ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। হেরিটেজ অকশন কর্তৃপক্ষ শনিবার এই নিলাম সম্পন্ন করে। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই স্মারকটি বিক্রির বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ম্যারাডোনা হাত দিয়ে বল জালে জড়িয়ে গোলটি করেছিলেন। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, গোলটি ম্যারাডোনার মাথার সামান্য স্পর্শ এবং ঈশ্বরের হাতের স্পর্শে হয়েছে। সেই ম্যাচে ম্যারাডোনা ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটিও করেছিলেন।
নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালের মতে, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্মারক। নিলামে বলটির দাম অন্তত ১ কোটি ডলার বা ৭৩ লাখ পাউন্ড ওঠার প্রত্যাশা করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা আড়াই মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়।
ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের বলটি ম্যাচের পর সংগ্রহ করেছিলেন এবং তিন দশকেরও বেশি সময় নিজের কাছে রেখেছিলেন। ২০২২ সালে তিনি বলটি ১৭ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি করেন। এরপর ২০২৩ সালে নতুন মালিক এটি বিক্রির চেষ্টা করলেও ন্যূনতম দাম না পাওয়ায় তা সম্ভব হয়নি। একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ২০২২ সালে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।