শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থতা: ব্রাজিলে টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা

August 25, 2026

ব্রাজিলের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে প্রায় ৩০ মিলিয়ন ডলার জরিমানা করেছে। দেশটির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নিবন্ধিত অ্যাকাউন্ট এবং গেস্ট ব্রাউজিং উভয় ক্ষেত্রেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করেছে টিকটক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, অন্তত ৮০ লাখ শিশুর তথ্য টিকটক অবৈধভাবে প্রক্রিয়া করেছে বলে ধারণা করা হচ্ছে। প্ল্যাটফর্মটির বয়স যাচাইকরণ ব্যবস্থায় কাঠামোগত ত্রুটি রয়েছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

রায় অনুযায়ী, টিকটককে অবৈধভাবে সংগ্রহ করা সব তথ্য মুছে ফেলতে হবে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য একটি উন্নত কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার মতে, টিকটকের ‘লগড-আউট ফিড’ বা অ্যাকাউন্ট ছাড়াই ভিডিও দেখার সুযোগটি অপ্রাপ্তবয়স্কদের বয়স যাচাইকরণ প্রক্রিয়া এড়িয়ে প্ল্যাটফর্মটি ব্যবহারের সুযোগ করে দেয়। এই বিশেষ সুবিধাটি বর্তমানে কেবল ব্রাজিলেই চালু রয়েছে, যা যুক্তরাষ্ট্র বা ইউরোপে নেই।

এই ঘটনার কয়েক দিন আগেই ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা ডিজকর্ডকে দেশজুড়ে লাইভস্ট্রিমিং ফিচার বন্ধের নির্দেশ দেয়। কিশোর-কিশোরীদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সরকার এবং সুপ্রিম কোর্ট অপ্রাপ্তবয়স্কদের ইন্টারনেট ব্যবহারের বিষয়টি নিয়ন্ত্রণের জন্য তৎপর রয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও বর্তমানে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment